বিএনপি নেতারা কে কোথায় ঈদ করছেন

বিএনপিসৌদি বাদশার আমন্ত্রণে হজ করতে সৌদি আরব গেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সেখানেই ঈদ করেছেন তিনি। বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান জানান, যেসব নেতা গ্রামে আছেন, তারা সেখানেই কোরবানি দিচ্ছেন। আর যারা ঢাকায় আছেন, তাদের অনেকেই ঢাকার পাশাপাশি গ্রামের বাড়িতেও কোরবানি দিচ্ছেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিজ এলাকা ঠাকুরগাঁয়ে ঈদ করবেন। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন ও এম কে আনোয়ার ঈদ করবেন কুমিল্লায়। ব্যারিস্টার মওদুদ আহমেদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান (অব.), ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস ঢাকায় ঈদ করবেন। তবে স্থায়ী কমিটির জ্যেষ্ঠ নেতা তরিকুল ইসলাম নিজ এলাকা যশোরে ঈদ করবেন। বরাবরই তিনি যশোরে ঈদ করেন।

বিএনপির স্থায়ী কমিটির নতুন সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী নিজ এলাকা চট্টগ্রামে ঈদ করবেন। নতুন সদস্য সালাহ উদ্দিন আহমেদ ভারতে আছেন। অনুপ্রবেশের দায়ে সেখানে তার নামে মামলা চলছে। সালাহ উদ্দিন জামিনে থাকলেও দেশ ত্যাগে নিষেজ্ঞা থাকায় তাকে ভারতেই ঈদ করতে হবে। ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ সিএমএইচ হাসপালে ভর্তি। অবস্থার উন্নতি না হলে ঈদের সময় হাসপাতালেই থাকতে হবে তাকে।

বিএনপির ভাইস চেয়ারম্যানদের মধ্যে শাহ মোয়াজ্জেম হোসেন, বেগম সেলিমা রহমান, ডা. এ জেড এম জাহিদ হোসেন, শওকত মাহমুদ ও অ্যাডভোকেট আহমেদ আযম খান ঢাকায় ঈদ করবেন। আলতাফ হোসেন চৌধুরী নিজ এলাকা পটুয়াখালী ও ঢাকায় কোরবানি করবেন। চেয়ারপারসনের উপদেষ্টা থাকবেন ঢাকাতেই। এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, মীর মোহাম্মদ নাসির উদ্দিন তাদের নির্বাচনী এলাকা চট্টগ্রামে ঈদ করবেন। ব্যারিস্টার শাহজাহান ওমর বরিশালে এবং শামসুজ্জামান দুদু চুয়াডাঙ্গায় ঈদ করবেন বলে জানিয়েছেন। ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা এ মুহূর্তে চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে আছেন। সপরিবারে তিনি সেখানেই ঈদ করবেন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আমেদ, রিয়াজ রহমান থাকছেন ঢাকায়।

দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরীকে কারাগারে ঈদ করতে হচ্ছে। যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ঢাকায়, মজিবুর রহমান সরোয়ার বরিশালে, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল হজ পালন করতে যাওয়ায় সৌদি আরব, খায়রুল কবির খোকন নরসিংদী ও হারুন-অর রশিদ চাঁপাইনবাবগঞ্জে ঈদ করবেন।

দলের সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ময়মনসিংহ এবং ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ফরিদপুরে ঈদ করবেন। 

চেয়ারপারসনের উপদেষ্টা ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার প্রতিবারের মতো এবারও গ্রামের বাড়িতে ঈদ করবেন। এ ছাড়াও যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক এমএ কাইয়ুমসহ বিএনপির অনেক নেতারা আত্মগোপনে থাকায় পরিবারের সঙ্গে ঈদ পালন করতে পারবে না।

বিকল্পধারা

এদিকে বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী রাজধানীর গুলশান আজাদ মসজিদে ঈদুল আজহার নামাজ আদায় করবেন। নামাজ শেষে তিনি গ্রামের বাড়ি মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার মজিদপুর দয়হাটা গ্রামে যাবেন। সেখান পশু কেরবানি করবেন তিনি। পরদিন সকাল ১১টা থেকে কুড়িল বিশ্বরোডে দলের কেন্দ্রীয় কার্যালয়ে নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন।

/এসটিএস/এআরএল/