জাতি স্বাধীনতার সুফল পায়নি: ইসলামী আন্দোলন

ইসলামী আন্দোলন বাংলাদেশদীর্ঘ ৪৫ বছরেও জাতি স্বাধীনতার সুফল পায়নি বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। শুক্রবার (১৬ ডিসেম্বর) বিকালে ইসলামী আন্দোলনের উদ্যোগে পুরানা পল্টনে দলের মিলনায়তনে ‘বিজয়ের ৪৫ বছর: প্রাপ্তি ও প্রত্যাশা’ শীর্ষক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মাওলানা ইউনুছ আহমাদ এ সময় বলেন, ‘৭১-এ দেশের জনগণ যে আশা ও চেতনা নিয়ে জীবন দিয়ে পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের বিজয় ছিনিয়ে এনেছিল, আজও তার বাস্তবায়ন হয়নি। ৪৫ বছর পর জাতিকে বিভক্ত করার চক্রান্ত দেশপ্রেমিক জনতা জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও রুখে দিবে।’
দলটির যুগ্ম মহাসচিব মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘যে দেশের মানুষের ঘুম ভাঙে আজানের ধ্বনিতে, সে দেশের মানুষকে জঙ্গিবাদ ও আইএসের অপবাদ দিয়ে দমিয়ে রাখা যাবে না। স্বাধীনতা সংগ্রামে ঈমানদার জনতার অবদান স্বীকার করতেই হবে। যারা বিভিন্ন অজুহাতে জাতিকে বিভক্ত করতে চায়, তাদের চক্রান্ত রুখে দিতে হবে।’

দলটির ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা ইমতিয়াজ আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন যুব নেতা কেএম আতিকুর রহমান, মাওলানা লোকমান হোসাইন জাফরী, মাওলানা আতাউর রহমান আরেফী, শ্রমিক নেতা হারুনুর রশিদ, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম প্রমুখ।

 

/সিএ/এএআর/আপ-টিআর