রাষ্ট্রপতির কাছে প্রস্তাব দিলেন এলডিপির নেতারা


বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি কর্নেল (অব.) অলি আহমেদ
নির্বাচন কমিশন গঠনের ব্যাপারে আলোচনা করতে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের আমন্ত্রণে বঙ্গভবনে বৈঠক করেছেন লিবারেল ডেমোক্র্যাটিক পার্টি (এলডিপি)-র নেতারা। দলটির প্রধান কর্নেল (অব.) অলি আহমেদের নেতৃত্বে দলটির একটি প্রতিনিধি দল বুধবার দুপুর আড়াইটায় বঙ্গভবনে প্রবেশ করেন। তবে পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী বিকাল তিনটায় বৈঠকটি শুরু হয়।

পৌনে এক ঘণ্টাব্যাপী এ বৈঠক শেষে বেরিয়ে দলটির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ জানান, রাষ্ট্রপতির সঙ্গে অত্যন্ত আন্তরিক ও হৃদ্যতাপূর্ণ পরিবেশে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুনির্দিষ্ট প্রস্তাব তুলে ধরেছেন তারা। রাষ্ট্রপতি তাদের কথা মনোযোগ দিয়ে শুনেছেন এবং সবার সঙ্গে আলাপ করে এ ব্যাপারে উদ্যোগ নেওয়ার ব্যাপারে আশ্বাস দিয়েছেন। 
প্রতিনিধি দলে আরও ছিলেন দলটির মহাসচিব ড. রেদোয়ান আহমেদ, প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট আব্দুল করিম আব্বাসী, মামদুদুর রহমান চৌধুরী, অ্যাডভোকেট আবু ইউসুফ মোহাম্মদ খলিলুর রহমান, প্রফেসর মোহাম্মদ আব্দুল্লাহ, আবদুল গনি, মো. কামাল উদ্দিন মোস্তফা, যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম।
এর আগে দলটির একটি সূত্র জানায়, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে বৈঠকে নির্বাচন কমিশন গঠনে সার্চ কমিটির জন্য কয়েকজন ব্যক্তির নাম প্রস্তাব করবে বিএনপি-জোটের শরিক এলডিপি। এ বিষয়ে রাষ্ট্রপতিকে একটি লিখিত প্রস্তাবনাও তুলে দেবে দলটি। সার্চ কমিটি ও নির্বাচন কমিশনে নিযুক্ত হতে পারেন, এমন সম্ভাব্যদের তালিকা দেবে অলি আহমদের নেতৃত্বাধীন এলডিপি।

রাষ্ট্রপতির কাছে এলডিপির প্রস্তাবনা

এ বিষয়ে বুধবার দলটির যুগ্ম মহাসচিব শাহাদাত হোসেন সেলিম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বিএনপির প্রস্তাব অনুসরণ করব না। তবে কিছুটা মিল থাকতেই পারে। নিজস্ব কিছু বক্তব্য থাকবে। নিরপেক্ষ শক্তিশালী নির্বাচন কমিশন গঠন করতে রাষ্ট্রপতিকে আমাদের পক্ষ থেকে অনুরোধ করা হবে। রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করতে তার উদ্যোগ প্রশংসনীয়।’

এলডিপির একটি সূত্র জানায়, বৈঠকে দলটি নির্বাচনকালীন সরকার নিয়েও রাষ্ট্রপতিকে পরামর্শ দেবে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তি বা সহায়ক সরকারের কথা তুলে ধরবেন দলটির নেতারা।
/এসটিএস/টিএন/