‘ঘাটতি পূরণে জনগণের ওপর করের বোঝা চাপিয়েছে সরকার’

আমির খসরু মাহমুদ চৌধুরী (ফাইল ফটো)রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুটের ফলে সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের ওপর সরকার করের বোঝা চাপিয়ে দিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।
শনিবার (৩ জুন) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে  ‘শহীদ জিয়া ও আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে ‘জাতীয়তাবাদী প্রজন্ম-৭১’ এ আলোচনা সভার আয়োজন।

তিনি বলেন, ‘রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দুর্নীতি ও লুণ্ঠনে সৃষ্ট মূলধনের ঘাটতি পূরণে সাধারণ মানুষের ওপর সরকার করের বোঝা চাপিয়ে দিয়ে বাজেট পেশ করা হয়েছে। এই বাজেট বাস্তবায়ন করতে হলে সাধারণ মানুষকে শুধু কর নয়, আবগারি শুল্ক দিতে হবে।’

দেশের জনগণকে নির্বাচনের বাইরে রেখে ক্ষমতা দখলের প্রক্রিয়া চলছে বলে অভিযোগ করেন আমির খসরু। তিনি বলেন, ‘গোটা জাতি আজ  ঐক্যবদ্ধ। এর বাইরে সরকার যদি কোনও ধরনের পদক্ষেপ নিতে চায়, সেক্ষেত্রে আমরা (বিএনপি) প্রতিবাদ করবো, প্রতিরোধ গড়ে তুলবো। তাই আগামী নির্বাচন নিয়ে যে হেলাফেলা চলছে, সেদিকে নজর রাখতে হবে।’

তিনি আরও বলেন,‘দেশের মানুষ অপেক্ষা করছেন ভোটাধিকার, আইনের শাসন, মানবাধিকার ফিরে পেতে। জীবনের নিরাপত্তা ফিরে পেতে চান তারা। বাংলাদেশের মানুষ আর অন্য কিছু মেনে নেবে না।’

আয়োজক সংগঠনের সভাপতি ঢালী আমিনুল ইসলাম রিপনের সভাপতিত্বে আলোচনা সভায় বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট আহমেদ আযম খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান বক্তব্য রাখেন।

/আরএআর/এসএমএ/