জিয়ার মরণোত্তর বিচার চাইলেন হানিফ

মাহবুবুল আলম হানিফবিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারী ও ষড়যন্ত্রকারী হিসেবে দাবি করে তার মরণোত্তর বিচারের দাবি করলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। শনিবার বিকালে আওয়ামী লীগের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ দাবি করেন। শেখ কামালের ৬৮তম জন্মবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।
হানিফ বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার জন্য সরকারের কাছে আমরা দাবি জানাই। বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের জন্য যাদের বিচার হয়েছে শুধু তারা নয়, এর পেছন থেকে যারা ইন্ধন দিয়েছে তারাসহ মূল চক্রান্তকারী জিয়াউর রহমানেরও বিচার করতে হবে।এ বিচার না হলে জাতির মধ্যে বিভক্তি দূর হবে না।

তিনি বলেন, ষড়যন্ত্র থেমে নেই, এখনও চলছে। শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার জন্য তারা বিশ্বের কাছে দেন দরবার করছে, মুসলিম বিশ্বের শত্রু ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে বৈঠক করতে তারা কুণ্ঠা করে নাই। তাই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবুল হাসনাতের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, বন ও পরিবেশ সম্পাদক দেলোয়ার হোসেন, সংগঠনের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, উপ-প্রচার সম্পাদক মামুনুর রশীদ শুভ্র, কার্যনির্বাহী সদস্য আসাদুজ্জামান প্রমুখ।

/পিএইচসি/টিএন/