রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে: মুফতি ফয়জুল করীম

রোহিঙ্গা মুসলমানদের ফিরিয়ে নিতে মিয়ানমারকে বাধ্য করতে হবে, মন্তব্য করে ধর্মভিত্তিক রাজনৈতিক দল ইসলামী আন্দোলনের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেছেন, ‘জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনান কমিশনের রিপোর্ট বাস্তবায়ন করতে হবে। জাতিসংঘ কেন এ বর্বরতার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না? আর কত লাশ হলে, আর কত শিশু হত্যা হলে জাতিসংঘ তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেবে, বিশ্ববাসী তা জানতে চায়।’

মুফতি ফয়জুল করীম (ফাইল ছবি)সোমবার বিকেলে সিরাজগঞ্জের স্বাধীনতা চত্ত্বরে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। এসময় তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া শরণার্থীদের মানবিক বিপর্যয় রোধ ও ত্রাণ কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা এবং নিবন্ধিত ও অনিবন্ধিত রোহিঙ্গাদের ত্রাণপ্রাপ্তি নিশ্চিতে আরও সেনা মোতায়েন করার দাবিও জানান।

মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করীম বলেন, ‘আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের ৮০ শতাংশই স্বামীহারা নারী ও পিতা-মাতা অভিভাবকহীন শিশু। তারা নিরাপত্তাহীনতার অভাব অনুভব করছে। তাই তাদের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।’

তিনি আরও বলেন, ‘শরণার্থী শিবিরগুলোতে শিশুখাদ্য, পানি ওষুধ, ও স্যানিটেশন সংকট মারাত্মক আকার ধারণ করছে। এদের সহায়তায় ত্রাণকার্যক্রম চলছে বিচ্ছিন্নভাবে। জরুরিভিত্তিতে যারা ত্রাণ পাচ্ছে না তাদের কাছে ত্রাণ পৌঁছাতে হবে।’