খণ্ডিত অংশ জাপার নাম ব্যবহার করায় ইসিকে এরশাদের চিঠি, তদন্তের সিদ্ধান্ত

এরশাদের অভিযোগ তদন্ত করবে নির্বাচন কমিশনদলের খণ্ডিত একটি অংশ জাতীয় পার্টির (জাপার) নাম ব্যবহার করায় নির্বাচন কমিশনে (ইসি) অভিযোগ দিয়েছেন পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বিষয়টি আমলে নিয়ে তদন্তের সিদ্ধান্ত নিয়েছে ইসি।নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

ইসিতে জমা দেওয়া এরশাদের অভিযোগের সূত্রে জানা গেছে, টিআইএম ফজলে রাব্বি চৌধুরী (জাতীয় পার্টির সাবেক প্রেসিডিয়াম সদস্য ও সাবেক এমপি) নিজে জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান পরিচয় দিয়ে পত্র-পত্রিকায় বক্তব্য ও বিবৃতি দিচ্ছেন। এতে করে নিবন্ধিত দল এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির সম্মানহানি ঘটছে বলে অভিযোগ করা হয়। একটি কুচক্রী মহল তার পার্টির নাম ব্যবহার করে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা করছে বলেও চিঠিতে তিনি মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনারের কাছে দেওয়া এক চিঠিতে অন্য কেউ যাতে জাতীয় পার্টির নাম ব্যবহার করতে না পারে ও ব্যবহারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ করেন এরশাদ।

জানা গেছে, এরশাদের চিঠি আমলে নিয়ে মঙ্গলবার (৩ অক্টোবর) নির্বাচন কমিশন বিষয়টি তদন্তের সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে জানতে চাইলে ইসির সংশ্লিষ্ট  শাখার

সহকারী সচিব রৌশন আরা বেগম মঙ্গলবার   বলেন, ‘জাতীয় পার্টির চেয়ারম্যান নির্বাচন কমিশনে একটি চিঠি দিয়েছেন। কমিশন ওই চিঠির আলোকে বিষয়টি তদন্ত করার জন্য নির্দেশ দিয়েছে। আগামী ১০ দিনের মধ্যে তদন্ত করে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তাকে প্রতিবেদন জমা দেওয়ার জন্যে বলা হয়েছে।’

প্রসঙ্গত, পার্টির ভেতরে  মত-বিরোধ দেখা দেওয়ায় ২০১৩ সালের ২৮ নভেম্বর কাজী জাফর আহমেদকে দল থেকে বহিষ্কার করেন এরশাদ।

পরের বছর ২৫ জানুয়ারি দলের একাংশকে নিয়ে জাতীয় পার্টি নামেই নতুন দল গঠন করে বিএনপি নেতৃত্বাধীন জোটে যোগ দেন কাজী জাফর। ২০১৫ সালে কাজী জাফরের মৃত্যুর পর এই দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পান টিআইএম ফজলে রাব্বি চৌধুরী ও মহাসচিব হন মোস্তফা জামাল হায়দার।

এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি ছাড়াও নির্বাচন কমিশনে আরও তিনটি জাতীয় পার্টির নিবন্ধন রয়েছে। তবে সেগুলোর প্রতীক ভিন্ন ভিন্ন এবং নামের মধ্যেও কিছুটা অমিল রয়েছে।