শিক্ষিত মানুষ ভুল দরখাস্তে স্বাক্ষর করতে পারেন না: গয়েশ্বর

শিক্ষক কর্মচারী ঐক্যজোটের প্রতিবাদ সভাভুলে ভরা ছুটির দরখাস্তে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা স্বাক্ষর করেননি বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, ‘ভুল দরখাস্তে কোনও ব্যক্তি স্বাক্ষর করেন না। মিডিয়ার সামনে দেখানো প্রধান বিচারপতির ছুটির দরখাস্ত তার নিজের হাতের লেখা নয়। তিনি এ ছুটির দরখাস্তে স্বাক্ষরও করেননি। কারণ, তিনি শিক্ষিত মানুষ হয়ে ভুল দরখাস্তে স্বাক্ষর করতে পারেন না।’

সোমবার (০৯ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। সর্বোচ্চ আদালত ধ্বংসের নীলনকশার বিরুদ্ধে এ সভার আয়োজন করে শিক্ষক কর্মচারী ঐক্যজোট। এতে সভাপতিত্ব করেন সংগঠনের চেয়ারম্যান অধ্যক্ষ মো. সেলিম ভূইয়া। 

গত ২ অক্টোবর অসুস্থতার কারণে একমাসের ছুটি চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন করেন প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ‘২ অক্টোবর রাতে অথবা দিনে যারা ঘটনাটি (দরখাস্তে স্বাক্ষর নেওয়া) ঘটিয়েছেন, তাদের মনে রাখতে হবে আপাতত সফল হলেও পরিণতি হবে ভয়াবহ। এ জন্য অপেক্ষা করুন। কিছু লোককে ভয় দেখিয়ে বোকা বানিয়ে রাখতে পারবেন। কিন্তু বেশি লোককে ভয়, ধমক দিয়ে বেশি দিন কাবু করার কোনও সুযোগ নেই।’

গয়েশ্বর চন্দ্র বলেন, ‘প্রধান বিচারপতি গৃহবন্দি নন, তিনি প্যারোলে মুক্তি পেয়ে মাঝে মধ্যে মন্দির ও ভিসার জন্য হাইকমিশনে যান। যেমন জেলখানার কয়েদিরা প্যারোলে মুক্তি পায়। বিচারপতির সঙ্গে আইনজীবীরা দেখা করতে পারেন না। কিন্তু, সরকারের লোকেরা দেখা করেন। প্রধান বিচারপতি দেশে থাকাকালীন তো কিছু বলতে পারছেন না। দেখি  বিদেশে গেলে কী বলেন।’

তিনি আরও বলেন, ‘প্রধান বিচারপতির সঙ্গে যে ব্যবহার করা হচ্ছে, তা কোনও ব্যক্তির সঙ্গে নয়, একটি প্রতিষ্ঠানের সঙ্গে করা হচ্ছে। এস কে সিনহা তো একজন ব্যক্তি। এর  পেছনে একটি উদ্দেশ্য আছে, তাহলো সরকার যা বলবে বিচার বিভাগ যেন তেমনই রায় দেয়।’   

প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে আর ৫ জানুয়ারির মতো নির্বাচন করা সম্ভব নয় উল্লেখ করে গয়েশ্বর বলেন, ‘সুষ্ঠু নির্বাচন করারও ক্ষমতা নেই শেখ হাসিনার। সুতরাং, এ সরকারের অধীনে কোনও নির্বাচন নয়। অবাধ, সুষ্ঠু নির্বাচনের জন্য নির্বাচনকালীন সরকার নিশ্চিত না হলে বাংলাদেশে কোনও নির্বাচন হবে না। কারণ, সুষ্ঠু নির্বাচনের পূর্বশর্ত হলো শেখ হাসিনার পদত্যাগ। গণতন্ত্র ক্ষমতাসীনদের জন্য, তারা যা চাইবে তাই করতে পারবে। এ দেশের সাধারণ মানুষের জন্য গণতন্ত্র নেই।’