‘শরিকরা না থাকলে হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবে না আ.লীগ’

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুমহাজোটের শরিকরা যদি না থাকে তাহলে এক হাজার বছরেও আওয়ামী লীগ ক্ষমতার মুখ দেখবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সভাপতি ও তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। দল এবং ঐক্য প্রসঙ্গে আওয়ামী লীগকে উদ্দেশ করে  তিনি বলেন, ‘আপনার (আওয়ামী লীগ) আশি পয়সা থাকতে পারে, আপনি এক টাকার মালিক না। যতক্ষণ এক টাকা হবে না, ততক্ষণ ক্ষমতা পাবেন না। আপনি আশি পয়সা; আর এরশাদ, দিলীপ বড়ুয়া, মেনন ও ইনু মিললে তবেই এক টাকা হবে। আমরা যদি না থাকি তাহলে আশি পয়সা নিয়ে আপনারা রাস্তায় ফ্যা ফ্যা করে ঘুরবেন। এক হাজার বছরেও ক্ষমতার মুখ দেখবেন না।’

বুধবার (৮নভেম্বর) বিকালে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে জাসদের এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাসদ সভাপতি বলেন, ‘শেখ হাসিনা মুক্তিযুদ্ধের নেত্রী আর খালেদা জিয়া রাজাকারের নেত্রী। শেখ হাসিনা বাংলাদেশের, খালেদা জিয়া পাকিস্তানের। শেখ হাসিনা মানুষের, খালেদা জিয়া জঙ্গিদের নেত্রী। তাই আমি দেশের জন্য শেখ হাসিনার সঙ্গে ঐক্য করেছি। খালেদাকে বর্জন করেছি।’

তথ্যমন্ত্রী বলেন, আমি কারও দয়ায় মন্ত্রী হইনি। শেখ হাসিনা আমাকে বিশ্বাস করে মন্ত্রী বানিয়েছেন। আমি সেই বিশ্বাসের মর্যাদা দিয়েছি।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশকে যদি বাঁচাতে চান। উন্নয়ন রক্ষা করতে চান, শান্তি চান তাহলে ২০১৮ সালের ডিসেম্বরেও যথা সময়ে নির্বাচন করতে হবে। সংবিধান রক্ষা করতে হবে। আগামী জাতীয় নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে। জাসদ ঐক্যের মর্যাদা রাখবে।’

ইনু বলেন, ‘আমরা চুপ করে সব সহ্য করি বলে আমাদের দুর্বল ভাববেন না। আমাদেরও শক্তি আছে, জাসদের লাঠি যেই রাস্তায় যাবে সেই রাস্তায় কোনও লোক থাকবে না।’

সভায় মিরপুর উপজেলা জাসদের সভাপতি মহাম্মদ শরীফের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাসদ সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, যুগ্ম-সাধারণ সম্পাদক রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মীর্জা আনোয়ারুল হক, আবদুল আলীম স্বপন, দফতর সম্পাদক আবদুল্লাহ হীম কাইয়ুম, জনসংযোগ বিষয়ক সম্পাদক শরীফুল কবীর স্বপন, জাতীয় নারী জোটের সভাপতি আফরোজা হক রিনা, কেন্দ্রীয় জাসদ নেতা মহাম্মদ আবদুল্লাহ, জেলা জাসদের সভাপতি গোলাম মহসীন, মিরপুর উপজেলা জাসদের সাধারণ সম্পাদক আহাম্মদ আলী প্রমুখ।