বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করুন: ইসলামী আন্দোলন

b5f5f1de9eee9e578927082978ec59ea-images17বিদ্যুতের দাম বৃদ্ধিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম।

রবিবার (২৬ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ সিদ্ধান্ত বাতিলের দাবি জানান।

বিবৃতিতে সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘আবারও বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত নজিরবিহীন ও গণবিরোধী। বিশ্ববাজারে তেলের দাম কমলেও জনগণের প্রতি দরদ না থাকায় জনগণের রক্ত চুষে খেতে এবং দলীয় নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতেই বিদ্যুতের দাম বৃদ্ধি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আগের তুলনায় অনেক কম। সে হিসেবে বাংলাদেশে বিদ্যুতের দামও কমানো উচিত। বিদ্যুতের দাম বৃদ্ধির ফলে জনগণের ওপর জুলুম করা হবে। এমনিতেই দেশে চাল, ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। আবার বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাস্তবায়ন করা হলে জনজীবনের ওপর মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। নতুনভাবে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত বাতিল করতে হবে। কয়েক দফা বন্যায় যখন খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে, সে সময় বিদ্যুতের দাম বৃদ্ধিতে কৃষকেরা দিশেহারা হয়ে পড়বেন। সাধারণ মানুষের দুঃখ দুর্দশার সীমা থাকবে না। তাই জনগণের দিকে লক্ষ্য রেখে বিদ্যুতের দাম বৃদ্ধির সিদ্ধান্ত প্রত্যাহার করুন।’