‘আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন খালেদা জিয়া’

বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের মানববন্ধনে বক্তব্য রাখছেন হাছান মাহমুদপ্রধানমন্ত্রীকে ৩০ দিনের মধ্যে ক্ষমা চাইতে খালেদা জিয়ার পাঠানো উকিল নোটিশ আওয়ামী লীগ পায়নি বলে দাবি করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রচারণা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, ‘সৌদি যুবরাজের মাধ্যমে খালেদা জিয়া দেশটিতে টাকা লগ্নি করেছেন— এ কথা তাদের জবানবন্দিতে বেরিয়ে এসেছে। প্রধানমন্ত্রী সে কথা উল্লেখ করায় উকিল নোটিশ পাঠিয়েছেন। কোথায় পাঠিয়েছেন? কার কাছে পাঠিয়েছেন? আমরা কোনও নোটিশ পাইনি। শুধু প্রেস কনফারেন্স করে তারা বলেছে উকিল নোটিশ পাঠানোর কথা।’ তিনি বলেন, ‘আকাশের ঠিকানায় চিঠি পাঠিয়েছেন তারা।’
বুধবার (২৭ ডিসেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানববন্ধনে হাছান মাহমুদ এসব কথা বলেন তিনি।
মামলায় হাজিরা দেওয়ার নামে খালেদা জিয়া আদালতকে হেনস্থা করছেন মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, ‘আদালতে যাওয়ার আর ফেরার পথে নেতাকর্মীদের নিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করেন তিনি (খালেদা জিয়া)। গত কয়েকদিন আদালতে হাজিরা দিয়ে যাওয়ার সময় তার নেতাকর্মীরা গাড়ি ভাঙচুর করেছে। এজন্য তিনি তার পেট্রোল বোমা বাহিনীকে নির্দেশ দিয়েছেন। তিনি আদালতে হাজিরা দিতে যান না, তিনি আদালতকে হেনস্থা করতে যান।’
তিনি আরও বলেন, ‘দেশে ২০১৩, ২০১৪ ও ২০১৫ সালের মতো বিশৃঙ্খলা সৃষ্টি করতে দেওয়া যাবে না। কেউ চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করা হবে।’ এ ব্যাপারে সজাগ থাকতে আওয়ামী লীগ নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।
বিএনপি নেত্রীর উদ্দেশে আওয়ামী লীগের এই প্রচার সম্পাদক বলেন, ‘আপনারা দুর্নীতি মামলার প্রস্তুতি নেন। আপনি নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন, কারা গোপনে আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে, তার খোঁজ নিতে। আপনি লোম খুঁজতে গিয়ে কম্বল পুড়িয়ে ফেলবেন না। খুঁজলে পরে দেখবেন, নেতাকর্মী সব বিএনপি ছেড়ে চলে গেছে।’
আগামী ৫ জানুয়ারি গণতন্ত্র প্রতিষ্ঠা দিবস উপলক্ষে ১ জানুয়ারি থেকেই নেতাকর্মীদের রাজপথে থাকার আহ্বান জানান হাছান মাহমুদ।