ভালো উদ্দেশ্যেই মন্ত্রিপরিষদে রদবদল: বাণিজ্যমন্ত্রী

তোফায়েল আহমেদ (ফাইল ছবি)

ভালো উদ্দেশ্যেই মন্ত্রিসভায় রদবদল করা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘যাদের দফতর পরিবর্তন হয়েছে তারা সবাই সন্তোষ প্রকাশ করেছেন।’

রবিবার (৭ জানুয়ারি) সচিবালয়ের নিজ কার্যালয়ে ফ্রান্সের প্রতিনিধি ও বিশ্ব বাণিজ্য সংস্থার সাবেক সভাপতি প্যাসকেল ল্যামির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাণিজ্যমন্ত্রী।

নির্বাচনকে সামনে রেখে জোট সরকারের মন্ত্রিপরিষদে শরিক দলগুলোর নেতাদের রদবদল বিশেষ কোনও ইঙ্গিত বহন করে কিনা- এমন প্রশ্নের জবাবে তোফায়েল আহমেদ বলেন, ‘এটা প্রধানমন্ত্রীর এখতিয়ার। মন্ত্রিপরিষদে পরিবর্তন যেকোনও সময় হতে পারে। এটা রুটিন ওয়ার্ক।’

তোফায়েল আহমেদ আরও বলেন, ‘স্বল্প উন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উন্নীত হতে যে তিনটি শর্ত পূরণ করতে হয় তা বাংলাদেশ ইতোমধ্যেই পূরণ করেছে। শর্তগুলোর মধ্যে এক হাজার ২৪২ ডলারের বিপরীতে বাংলাদেশের মাথাপিছু আয় এক হাজার ৬১০ ডলার, বাংলাদেশের মানবসম্পদের হার ৭০ শতাংশ এবং অর্থনীতি ভঙ্গুরতা সর্বনিম্ন ৩০ শতাংশের বিপরীতে ২৬ শতাংশে নামিয়ে এনেছে বাংলাদেশ।’