বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসের এক সংবাদ সম্মেলনে এ প্রতিবাদ জানান বেলজিয়াম বিএনপির সভাপতি আহমদ সাজা ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু।
লিখিত বক্তব্যে ইকবাল হোসেন বাবু বলেন, ‘গত ১০ জানুয়ারি জাতীয় সংসদে এক বক্তৃতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা খালেদা জিয়া ও তারেক রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর বেলজিয়াম, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও দুবাইয়ে বিপুল পরিমাণ অর্থ পাচার সম্পর্কে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যে সম্পদের কথা তিনি উল্লেখ করেছেন বাস্তবে সেই সম্পদের কোনও অস্তিত্বই নেই।’
তিনি আরও বলেন, ‘প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সঙ্গে বহির্বিশ্বের সব দেশের সুসম্পর্ক ছিল। একইভাবে বেলজিয়াম সরকারের সঙ্গে জিয়া পরিবারের ঘনিষ্ঠ সম্পর্ক আজও অটুট রয়েছে। তারেক রহমানের হাত ধরে সেই সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। আগামী নির্বাচনে নিশ্চিত ভরাডুবি জেনে ও জিয়া পরিবারের জনপ্রিয়তায় ভয় পেয়েই সরকার এসব অসত্য ও বানোয়াট তথ্য পরিবেশন করছে।’
তিনি অভিযোগ করেন, বেলজিয়ামে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সঙ্গে ও ইউরোপীয় পার্লামেন্টের প্রতিটি গ্রুপের সংসদ সদস্যদের সঙ্গে তারেক রহমানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। তারেক রহমানের কূটনৈতিক সাফল্য দেখে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈর্ষান্বিত হয়ে পড়েছেন। তাই বেলজিয়ামে তারেক রহমানের নামে প্রচুর অর্থ রয়েছে বলে জাতীয় সংসদে মিথ্যাও বানোয়াট বক্তব্য দিয়েছেন। এসময় অবিলম্বে এই মানহানিকর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেলজিয়াম বিএনপির সহ-সভাপতি আলী জাহাঙ্গীর, সৈয়দ মাহমুদ আক্কাস, আবুল হাসনাত শামছুল, রাকিব হাসান প্রধান, গোলাম নবী শ্যামল, আবু বক্কর প্রমুখ।