বিএনপির মানসিক ব্যাধি হয়েছে:হানিফ

অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মাহবুবউল আলম হানিফকোনও নির্বাচনই বিএনপির কাছে সুষ্ঠু মনে হয় না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। তিনি বলেন, ‘তারা হারলে তো নির্বাচনে কারচুপির অভিযোগ করেই, জিতলেও কোনও না কোনও অভিযোগ তারা করবেই। সুষ্ঠু নির্বাচন এখন একটা মানসিক ব্যাধি হয়ে দাঁড়িয়েছে। বিএনপির মানসিক ব্যাধি হয়েছে।’
সোমবার (২৯ জানুয়ারি) জাতীয় প্রেস ক্লাব মিলনায়তনে গণতন্ত্রের জন্য নাগরিক আয়োজিত ‘একাদশ জাতীয় নির্বাচন: বর্তমান রাজনীতি ও উন্নয়নের ধারাবাহিকতা বিষয়ক’ আলোচনায় প্রধান অতিথি হিসাবে মাহবুবউল আলম হানিফ এসব কথা বলেন।
হানিফ বলেন, ‘বিএনপি সাধারণ মানুষের ওপর যে পরিমাণ জুলুম-নির্যাতন করেছে, তাতে সাধারণ মানুষ তাদের কাছ থেকে দূরে সরে গেছে। এজন্য তাদের শঙ্কা ও ভয়।’
৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় রায়ের তারিখের প্রসঙ্গ টেনে হানিফ বলেন, ‘৮ তারিখ খালেদা জিয়ার মামলার রায়। বিচারের বিষয় নিয়ে কথা বলার কিছু নেই। কিন্তু কয়েকদিন ধরে দেখছি বিএনপি নেতারা উসকানিমূলক বক্তব্য দিচ্ছেন। দুর্ভাগ্যজনকভাবে তারা রায়কে কেন্দ্র করে সন্ত্রাসী কর্মকাণ্ডের পরিকল্পনা করছে। বেগম জিয়া যদি অপরাধ করে থাকে, তাহলে সাজা হবে। আর না করে থাকলে খালাস পাবেন। এখানে বিএনপি নেতাদের ভয় কোথায়? অপরাধ করার কারণেই ভয় ও শঙ্কার মধ্যে আছে তারা। এতিমের টাকা আত্মসাৎ না করলে আপনাদের ভয় কিসের?’
আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘তারা বিভ্রান্তিমূলক উসকানিমূলক তথ্য দিয়েই যাচ্ছে। সরকার পতনের হুমকি দিচ্ছে। এর আগে বহুবার দিয়েছে। আপনারা জেনে রাখুন, হুমকি দিয়ে সরকার পতন করা যায় না— এটা অনেক আগেই প্রমাণ হয়েছে। তাই হুমকি ধামকি দিয়ে দেশের পরিবেশ নষ্ট করার চেষ্টা করবেন না।’
ড. আশিকুর রহমানের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেল, আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক এ রহমান, সুজনের বদিউল আলম মজুমদার, ঢাকা চেম্বার অ্যান্ড কর্মাস ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম, মহিলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক রোকেয়া প্রাচী, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত প্রমুখ।