প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট থেকে নির্বাচনি প্রচার শুরু নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি। এ বিষয়ে দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ নির্বাচন কমিশনকে উদ্দেশ করে বলেছেন, সরকারি খরচে প্রধানমন্ত্রীর নির্বাচনি প্রচারাভিযান বন্ধ করতে হবে। না হলে বিএনপিকে জনসভা করার সুযোগ দিতে হবে।
মঙ্গলবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে বিদেশি রাষ্ট্রদূতদের সঙ্গে বৈঠক শেষে অপেক্ষমাণ সাংবাদিকদের সামনে এই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মওদুদ আহমদ।
মওদুদ আহমদ বলেছেন, আজ থেকে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে প্রচারাভিযানে নেমে গেছেন। স্পষ্টভাবে নৌকায় ভোট চেয়েছেন। তিনি বলেছেন, ডিসেম্বরে ভোট হবে। তার এই অবস্থানে প্রশ্ন জাগে নির্বাচন কমিশনের ভূমিকা আসলে কী। সাধারণত তফসিল ঘোষণার পর নির্বাচনি প্রচার শুরু হয়, কিন্তু প্রায় একবছর আগেই সরকারি দল রাষ্ট্রীয় খরচে নির্বাচনি প্রচারাভিযান শুরু করেছে। তাহলে প্রশ্ন জাগে, নির্বাচন কমিশন কতটুকু শক্ত?
ইসির প্রতি মওদুদ আহমদ বলেন, তাদেরকে এই ধরনের সরকারি খরচে প্রচারাভিযান করা বন্ধ করতে হবে। না হলে আমাদেরকেও জনসভা করার সুযোগ দিতে হবে।
তিনি বলেন, আমরা আগে বলেছি, লেবেল প্লেয়িং ফিল্ড থাকতে হবে। প্রধানমন্ত্রীর প্রচারাভিযান লেবেল প্লেয়িং ফিল্ডের নমুনা নয়। এখন দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে সিলেটে ভোট চাইছেন, আর আমরা আদালতের বারান্দায়।