গয়েশ্বর চন্দ্র রায়কে গ্রেফতার ও নেতাকর্মীদের বাসায় পুলিশের তল্লাশির প্রতিবাদে নয়াপল্টনে দলের কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, ‘মঙ্গলবার হাইকোর্টের সামনে যে হামলা হয়েছে,আমরা নিজেরাই তাদের ঠিকমতো চিনতে পারছি না। আমাদের বিশ্বাস, অনুপ্রবেশকারীরা এই ঘটনা ঘটিয়েছে।’
তিনি বলেন, ‘আমরা শান্তিপূর্ণভাবে প্রতিবাদ জানাচ্ছি এবং শান্তিপূর্ণভাবে রাজনীতি করার চেষ্টা করছি। সরকার উদ্দেশ্যপ্রণোদিতভাবে এটাকে নস্যাৎ করার চেষ্টা করছে।’
তিনি বলেন, যখন দেশের মানুষ একটি শান্তিপূর্ণ নির্বাচনের জন্য অপেক্ষা করছে, তখনই সরকারের পক্ষ থেকে এসব কার্যক্রম শুরু হয়েছে। এর মূল উদ্দেশ্য বিরোধী দলকে নির্বাচন থেকে দূরে রাখা। বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখা।
সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল জানান, গতরাতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের ধানমন্ডির বাসায়, ভাইস চেয়ারম্যান আবদুল মান্নানের বাসায়, অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরীর শান্তিনগরের বাসায়, বিএনপি’র যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলের বাসায়, শফিউল বারী বাবু, আহসান উল্লাহ হাসানের পল্লবী’র বাসায়সহ অসংখ্য নেতাদের বাসায় পুলিশ তল্লাশি চালিয়েছে।