আত্মসাৎ করবেন কিন্তু বিচার মানবেন না,সেটা হবে না: হানিফ

মাহবুব উল আলম হানিফ (ফাইল ফটো)অর্থ আত্মসাৎ করবেন কিন্তু বিচার মানবে না সেটা হবে না বলে জানিয়েছেন আওয়ামী লী‌গের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল-আলম হা‌নিফ। তিনি বলেন, ‘চু‌রি কর‌বেন, আত্মসাৎ কর‌বেন আবার বিচা‌রের রায় মান‌বেন না এটা জনগণ মান‌বে না।’

রবিবার দুপুরে গুলশান ইয়ুথ ক্লাবে ঢাকা মহানগর (উওর) আওয়ামী লীগের এক বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

মাহবুব-উল-আলম হানিফ বলেন, ‘আগামী ৮ ফেব্রুয়া‌রি খা‌লেদা জিয়ার রায় নি‌য়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। ওই দিনটি বিশেষ কোনও দিন নয়। তত্ত্বাবধায়ক সরকারের সময় ওই মামলাটি হয়েছিল। যদি তিনি দোষী হন তাহলে তার বিরুদ্ধে রায় হবে। এটা আদালতের এখতিয়ার। যদি তিনি এতিমের টাকা আত্মসাৎ না করেন তাহলে তাকে তা আদালতে প্রমাণ করতে হবে। এটা নিয়ে কোনও সন্ত্রাসী কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। যে কোনও ব্যাক্তির বিরুদ্ধে মামলা হতে পারে। যদি অভিযোগ প্রমাণিত হয় তাহলে শাস্তি পাবে, এটাই আইন, এটাই বিধান। এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই।’

খা‌লেদা জিয়াকে উদ্দেশ ক‌রে হা‌নিফ আরও ব‌লেন, ‘‌নির্বাচ‌নের পরিবেশ এখন ভা‌লো আছে। আগা‌মী সংসদ নির্বাচন সং‌বিধান অনুযা‌য়ী যথা সম‌য়ে অনুষ্ঠিত হ‌বে। বর্তমান সরকা‌রের অধীনেই নির্বাচন হ‌বে। আপ‌নিই এক সময় ব‌লে‌ছি‌লেন, নি‌র‌পেক্ষ কেউ নেই। আবার আপ‌নিই এখন নি‌রে‌পেক্ষ সরকারের দাবি জানাচ্ছেন।’

আওয়ামী লীগের এ নেতা আ‌রও ব‌লেন, ‘আগা‌মীকাল খালেদা জিয়া ইভিএম’র  কথা জানিয়েছেন। এ নি‌য়ে আমা‌দের কোনও বক্তব্য নেই। এটা নির্বাচন ক‌মিশনের এখতিয়ার। তারাই ঠিক কর‌বে কীভাবে নির্বাচন হ‌বে।’

তি‌নি আরও ব‌লেন, ‘৮ ফেব্রয়া‌রি  নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হলে আওয়ামী লীগ কর্মী এবং জনগণকে সঙ্গে নি‌য়ে তা প্রতিহত করা হবে। য‌দি কোনও এলাকায় বিএন‌পি জামায়াত কর্মীরা বিশৃঙ্খলা কর‌তে চায় আপনারা তা‌দের‌কে পু‌লি‌শের হা‌তে তু‌লে দে‌বেন।’

হানিফ ব‌লেন, ‘২০১৪-২০১৫ সা‌লে যারা আগুন সন্ত্রাস ক‌রে‌ছে তাদের আইনের আওতায় এনে শা‌স্তি দেওয়া হ‌বে।’

ঢাকা মহানগ‌র (উত্ত‌র) আওয়ামী লী‌গের  সভাপ‌তি একেএম রহমত উল্লাহর সভাপ‌তি‌ত্বে ব‌র্ধিত সভায় আরও উপ‌স্থিত ছি‌লেন- সাধারণ সম্পাদক সা‌দেক খান, যুগ্ম সাধারণ সম্পাদক হাবিব হাসান প্রমুখ।

আরও পড়ুন:
নৈরাজ্য মোকাবিলায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্রমন্ত্রী