নাশকতা ঠেকাতে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের অবস্থান

ঢাবি জগন্নাথ হল এলাকায় ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থানঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের নাশকতা প্রতিহত করতে রাজপথে অবস্থান নিয়েছে ছাত্রলীগ। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল থেকে ঢাবির ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় বিভিন্ন হল থেকে আগত ছাত্রলীগের নেতাকর্মীদের অবস্থান নিতে দেখা যায়।
জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলার রায় ঘোষণা উপলক্ষে ক্যাম্পাসে ছাত্রদল যেন কোনও ধরনের অস্থিতিশীলতা তৈরি না করতে পারে, এজন্য তারা ক্যাম্পাসে অবস্থান নিয়েছে বলে জানা যায়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি।
টিএসসি এলাকায় সরেজমিনে গিয়ে দেখা গেছে, ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা এস এম জাকির হোসাইনের নেতৃত্বে বিভিন্ন হলের নেতাকর্মীরা টিএসসি এলাকায় জয় বাংলা স্লোগান দিচ্ছেন।
ঢাবিতে ছাত্রলীগের অবস্থানঅবস্থানের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহের হোসেন প্রিন্স বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ক্যাম্পাসের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আমরা এখানে (টিএসসি) অবস্থান নিয়েছি। ক্যাম্পাসে কোনও ধরনের নাশকতা করার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।’
এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা বাংলাদেশের মানুষের জান-মালের নিরাপত্তার জন্য রাজপথে আছি। কোনও ধরনের বিশৃঙ্খলা করলে পুলিশের পাশাপাশি আমরা তা প্রতিহত করব। এ ঘোষণা আমরা আগেই দিয়েছি।’