খুলনা-গাজীপুর সিটি নির্বাচনে আ. লীগের প্রার্থী চূড়ান্ত রবিবার

আওয়ামী লীগআসন্ন খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত করা হবে আগামী ৮ এপ্রিল (রবিবার)। ওইদিন দলটির স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় মনোনয়ন চূড়ান্ত করা হবে বলে জানিয়েছেন দলটির নেতারা।
বৃহস্পতিবার (৫ এপ্রিল) আওয়ামী লীগের দফতর সম্পাদক আবদুস সোবহান গোলাপের সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৮ এপ্রিল সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে অনুষ্ঠিত হবে। সভায় সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি শেখ হাসিনা।
এদিকে বৃহস্পতিবার থেকে দুই সিটি নির্বাচনে মেয়র পদে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু করে আওয়ামী লীগ। শুক্রবার ও শনিবার (৬ ও ৭ এপ্রিল) পর্যন্ত এই মনোনয়ন ফরম বেচা হবে।

আওয়ামী লীগের দফতর সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশন এর মেয়র পদের জন্য একটি মনোনয়নপত্র কেনা হয়েছে। এটি কিনেছেন গাজীপুর মহানগর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম।