খালেদা জিয়ার বাঁ-পা, বাঁ-হাত ও কোমরে চিনচিনে ব্যথা রয়েছে বলে মেডিক্যাল বোর্ডকে জানিয়েছেন তিনি। এই তথ্য উল্লেখ করে অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বাংলা ট্রিবিউনকে জানান, তারা যেদিন খালেদা জিয়াকে দেখতে গিয়েছিলেন সেদিন তিনি অন্যের সহযোগিতা নিয়ে তাদের সামনে আসেন। এই চিকিৎসকের কথায়, ‘গতকাল তাকে একা হাঁটতে দেখেছি। এছাড়া গতকাল তাকে সেদিনের চেয়ে সুস্থ মনে হয়েছে। এতে বোঝা যায় আমরা যে মেডিসিন দিয়েছিলাম তা তার শরীরে কাজ করেছে।’
এর আগে খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের কাছে পাঠিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ (বিএসএমএমইউ)। রবিবার এই রিপোর্ট পাঠানো হয় বলে জানান বিএসএমএমইউ’র উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাকে রেডিওলজি ডিপার্টমেন্টের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. এনায়েত করিম জানিয়েছেন, তারা খালেদা জিয়ার রিপোর্ট সিলগালা করে আজ রবিবার কারা কর্তৃপক্ষ বরাবর পাঠিয়ে দিয়েছেন।’
এ প্রসঙ্গে অধ্যাপক ডা. মো. শামসুজ্জামান শাহীন বললেন, ‘খালেদা জিয়ার এক্স-রে ও রক্ত পরীক্ষার রিপোর্ট কারা কর্তৃপক্ষের হাতে পৌঁছেছে বলে শুনেছি। আমাদের সঙ্গে আগামীকাল (সোমবার) কারা কর্তৃপক্ষ যোগাযোগ করতে পারেন। তারা যোগাযোগ করলে আমরা রিপোর্ট দেখবো।’