খুলনায় তালুকদার খালেক, গাজীপুরে জাহাঙ্গীর আলম আ. লীগের প্রার্থী

 

তালুকদার আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম
খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। রবিবার (৮ এপ্রিল) রাতে গণভবনে আওয়ামী লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড খুলনায় তালুকদার আব্দুল খালেক এবং গাজীপুরে জাহাঙ্গীর আলমকে প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে। বোর্ডের এ সভায় আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সভাপতিত্ব  করেন। 

সন্ধ্যা ৭টার দিকে বৈঠক শুরু হয়ে রাত সাড়ে ১১টার দিকে শেষ হয়। এসময় গাজীপুর ও খুলনায় দলীয় মননোয়ন ফরম সংগ্রহ করা ১৭ প্রার্থীর সঙ্গে কথা বলেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড। সেখানে ১৭ জন প্রার্থী ছাড়াও গাজীপুর জেলার সভাপতি, সাধারণ সম্পাদক ও গাজীপুরের স্থানীয় এমপিদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর খুলনা জেলার অন্তুত ৩০ জন আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি। এসময় প্রধানমন্ত্রী গাজীপুর ও খুলনার দলীয় প্রার্থীকে বিজয়ী করার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার তাগিদ দেন।

বৈঠক শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের গাজীপুরের জাহাঙ্গীর আলম ও খুলনা তালুকদার আব্দুল খালেককে দলের মনোনিত প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেন।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ড বিচার-বিশ্লেষন করে গাজীপুর ও খুলনা সিটি করপোরেশন নির্বাচনে দুইজনকে মনোনিত করেছে।’

তবে শনিবার (৭ এপ্রিল) পর্যন্ত আওয়ামী লীগের মনোনয়ন পেতে মোট ১৭ জন দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন। এর মধ্যে তালুকদার খালেক নেই। তিনি বর্তমানে মোংলা-রামপাল আসনে নির্বাচিত সংসদ সদস্য। অন্যদিকে জাহাঙ্গীর আলম গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।