দুই সিটির বিএনপির প্রার্থী ঘোষণা সন্ধ্যায়, আসছে নতুন মুখ





গাজীপুর ও খুলনা সিটি করপোরেশনসোমবার (৯ এপ্রিল) সন্ধ্যায় খুলনা ও গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে দলীয় মেয়র প্রার্থীর নাম ঘোষণা করবে বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নয়া পল্টনে সংবাদ সম্মেলন শেষে জানান, সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে দুই সিটির দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে।
বিএনপির একটি সূত্রে জানা গেছে, দুই সিটিতে মেয়র পদে নতুন প্রার্থী দিচ্ছে বিএনপি। গাজীপুরে মেয়র পদে বিএনপির পক্ষ থেকে মনোনয়ন দেওয়া হচ্ছে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য হাসান উদ্দিন সরকারকে। আর খুলনায় দলীয় মনোনয়ন দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) নজরুল ইসলাম মঞ্জুকে। এ দুজনকে প্রার্থী করতে লন্ডন থেকেও নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির স্থায়ী কমিটির এক সদস্য বাংলা ট্রিবিউনকে বলেন, ‘গতকাল রবিবার (৮ এপ্রিল) গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে মেয়র পদে প্রার্থী হতে আগ্রহীদের সাক্ষাৎ নেন দলের স্থায়ী কমিটির নেতারা। কিন্তু তারা বৈঠকে প্রার্থী চূড়ান্ত করতে পারেনি। আজ (সোমবার) দুপুরে লন্ডন থেকে ফোন করে এই দুজনকে চূড়ান্ত করতে সবুজ সংকেত দেওয়া হয়েছে।’
গাজীপুর সিটি করপোরেশনে মেয়র পদে সাক্ষাৎকার দিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও গাজীপুর সিটির বর্তমান মেয়র এম এ মান্নান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, শ্রমিক দলের কার্যকরী সভাপতি সালাউদ্দিন সরকার, মেয়র এম এ মান্নানের ছেলে এম মনজুরুল করীম, গাজীপুর জেলা বিএনপি নেতা শওকত হোসেন সরকার, আবদুস সালাম ও জেলা ছাত্রদলের সভাপতি শরাফত হোসেন।
খুলনা সিটিতে মনোনয়নপ্রত্যাশীদের মধ্যে যারা সাক্ষাৎকার দিয়েছেন তারা হলেন বর্তমান মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম মঞ্জু, জেলা বিএনপির সভাপতি শফিকুল আলম।