খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ জানিয়ে ঢাবি সাদা দলের বিবৃতি

৮ ফেব্রুয়ারি রায়ের পর আদালতে খালেদা জিয়া (ফাইল ছবি)

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতির খবরে উদ্বেগ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল। রবিবার (২৯ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটি এ উদ্বেগ প্রকাশ করে।

সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. আখতার হোসেন খানের সই করা বিবৃতিতে বলা হয়, ‘২৯ এপ্রিল, ২০১৮ তারিখে বিভিন্ন জাতীয় দৈনিকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বরাতে প্রকাশিত সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতা ও শারীরিক অবস্থার আরও অবনতি হওয়ার খবরে আমরা ভীষণভাবে উদ্বিগ্ন। এমনিতেই আগে থেকে খালেদা জিয়া বিভিন্ন রোগে আক্রান্ত ছিলেন। বর্তমানে কারাগারে শারীরিক এবং মানসিক চাপে তার অবস্থার আরও অবনতি হয়েছে বলে আমাদের ধারণা।’

বিবৃতিতে আরও বলা হয়, ‘আমরা মনে করি, ব্যক্তিগত চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী সু-চিকিৎসার ব্যবস্থা করা না হলে খালেদা জিয়ার স্বাস্থ্যগত পরিস্থিতির সব দায় সরকারের ওপরই বর্তাবে। তাই আমরা অনতিবিলম্বে ইউনাইটেড হাসপাতাল অথবা অ্যাপোলো হাসপাতাল অথবা খালেদা জিয়ার ইচ্ছে অনুযায়ী অন্য যেকোনও স্থানে তার চিকিৎসার সুযোগ দেওয়ার জোর দাবি জানাচ্ছি। আমরা আশা করি, সরকার প্রতিহিংসার পথ পরিহার করে মানবিক আচরণ করবে এবং খালেদা জিয়াকে মুক্তি দিয়ে তার আশু চিকিৎসার ব্যবস্থা করবে।’