বিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আ. লীগের নয়: কাদের

শ্রমিক লীগের অনুষ্ঠানে ওবায়দুল কাদেরবিএনপিকে নির্বাচনে আনার দায়িত্ব আওয়ামী লীগের নয় বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, ‘বিএনপি এখন হুঙ্কার দিচ্ছে খালেদা জিয়াকে ছাড়া নির্বাচনে যাবে না। উনার (খালেদা) মুক্তি আদালতের বিষয়। অক্টোবরে নির্বাচনের ট্রেন চলতে শুরু করবে। এটি বিএনপির জন্য অপেক্ষা করবে না। বিএনপিকে জোর করে নির্বাচনে নিয়ে আসার দায়িত্ব আওয়ামী লীগের নয়।’

মঙ্গলবার (১ মে) বঙ্গবন্ধু এভিনিউতে মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ আয়োজিত র‌্যালির আগে এক সমাবেশে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরও বলেন, ‘আগামী অক্টোবরে নির্বাচনি তফসিল ঘোষণা করা হবে। সংবিধান অনুযায়ী নির্বাচন হবে। এর বাইরে যাওয়ার কোনও সুযোগ নেই। আমরা মনে করি তারা (বিএনপি) নির্বাচনে আসবে। নির্বাচনে তাদের আমরা স্বাগত জানাই।’মে দিবসে শ্রমিক লীগের র‌্যালি

শ্রমিকদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, ‘আওয়ামী লীগ সরকার শ্রমিকবান্ধব সরকার। গরীব মেহনতি মানুষের সরকার। তারা রক্ত দিয়ে এ সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আপনাদের যে দাবিগুলো এখনও পূরণ হয়নি, আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পুনরায় ভোট দিয়ে ক্ষমতায় আনলে সেগুলো অক্ষরে অক্ষরে পূরণ করা হবে।’

সমাবেশে সড়ক শ্রমিকদের উদ্দেশে তিনি বলেন, ‘বর্তমানে সড়ক দুর্ঘটনা বেড়ে গেছে। আপনারা অতিরিক্ত মুনাফার জন্য সড়কে প্রতিযোগিতা করবেন না। ওভার টেকিং করবেন না। সড়কে শুধু সাধারণ যাত্রী নয়, শ্রমিকরাও দুর্ঘটনার শিকার হচ্ছে। একজনের জন্য একটি পরিবার নিঃস্ব হয়ে যায়। গাড়ির স্টিয়ারিং হাতে নিয়ে এবিষয়গুলো ভেবে গাড়ি চালাবেন।’

আরও পড়ুন- বিএনপির চেয়ে আ. লীগের জনপ্রিয়তা অনেক বেড়েছে: আইআরআই