আইনের শাসনের অনুপস্থিতিতে মাদকের বিস্তার ঘটছে: চরমোনাই পীর






ইফতার মাহফিলে চরমোনাই পীরসহ অন্যরাইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, দেশে আইনের শাসনের দীর্ঘমেয়াদে অনুপস্থিতিতে অপরাধ ও মাদকের বিস্তার ঘটছে। সোমবার (৪ জুন) রাজধানীর বিজয়নগরে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘মত প্রকাশ ও শান্তিপূর্ণ রাজনৈতিক কর্মসূচিতে সরকারের হস্তক্ষেপে সঠিক রাজনীতির চর্চা ব্যাহত হচ্ছে। বিচার বিভাগের প্রতি খোদ সরকারেরই এখন আর আস্থা আছে বলে মনে হয় না। যদি আস্থা থাকতো তবে বন্ধুকযুদ্ধের নামে মানুষ হত্যা করতো না।’
তিনি বলেন, ‘স্বাধীন সার্বভৌম বাংলাদেশে জনগণের ট্যাক্সের টাকায় নির্বাচন কমিশনকে দিয়ে সরকার প্রহসনের নির্বাচন করে নির্বাচনি ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে। জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে মেরুদণ্ডহীন এই নির্বাচন কমিশন দিয়ে সম্ভব নয়। অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য শক্তিশালী নির্বাচন কমিশন ও অন্তর্বর্তীকালীন নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন আয়োজন করতে হবে।’
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি শেখ ফজলুল করীম মারুফের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, রাজনৈতিক উপদেষ্টা আশরাফ আলী আকন, যুগ্ম মহাসচিব অধ্যাপক মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন, অধ্যাপক মাহবুবুর রহমান, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. আবদুল লতিফ মাসুম, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের পেশ ইমাম মুফতি মুহিব্বুল্লাহিল বাকী আন-নদভী, মুফতি মিজানুর রহমান প্রমুখ।