বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, আন্দোলন কখনও বলে কয়ে হয় না। আপনারা প্রস্তুত থাকেন, আন্দোলন হবে। অচিরেই আন্দোলন হবে আর সে আন্দোলনে এ স্বৈরাশাসকের পতন হবেই। রবিবার (৮ জুলাই) জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
খন্দকার মোশাররফ বলেন, স্বৈরাচার এরশাদ নিজেও ভাবেনি তার পতন হবে। কিন্তু সেও অবশেষে পদত্যাগ করতে বাধ্য হয়েছিল। এই সরকারও সুষ্ঠু নির্বাচন দিতে বাধ্য হবে। শুধু সময়ের ব্যপার।
খালেদা জিয়াকে ছাড়া দেশে কোনও নির্বাচন হবে না উল্লেখ করে তিনি বলেন, আওয়ামী লীগের উদ্দেশ্য হলো আবারও ২০১৪ সালের ৫ জানুয়ারির মতো নির্বাচন দিয়ে ক্ষমতায় থাকা আর তার জন্যই আগামী নির্বাচনে বিএনপিকে বাইরে রাখতে অন্যায়ভাবে খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রেখেছে। কোনও প্রহসনের নির্বাচন আর এই দেশের মানুষ মেনে নেবে না এবং হতে দেবে না। আগামী নির্বাচন সুষ্ঠু এবং প্রতিযোগিতামূলক করতে খালেদা জিয়াকে কারামুক্ত করতে হবে। তাকে ছাড়া দেশে নির্বাচন হবে না।
সরকার নিম্ন আদালত নিয়ন্ত্রণ করছে এমন দাবি করে তিনি বলেন, সরকার নিম্ন আদালতকে নিয়ন্ত্রণ করছে। প্রধান বিচারপতি এ কথা বলার কারণে প্রধান বিচারপতি এস কে সিনহাকে জোর করে দেশ থেকে বিতাড়িত করেছে সরকার।
প্রধানমন্ত্রী সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণা করেছেন এমন দাবি করে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনের দাবি মেনে না নিয়ে প্রধানমন্ত্রী সাধারণ ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছেন। তিনি পবিত্র সংসদে দাঁড়িয়ে টোটাল কোটাই বাদ দেওয়ার কথা বলেছেন। কোটা বাতিলের তো দাবি ছিল না। দাবি ছিল সংস্কারের। তিনি কোমলমতি ছাত্রদের সঙ্গে প্রতারণা করেছেন। এটা হল স্বৈরাচারী সরকারের ধরন, এটা কিছুতেই মেনে নেওয়া যায় না।'