শিক্ষার্থীদের আন্দোলনে সমর্থন দিলো পাঁচটি বাম সংগঠন

আন্দোলনরত শিক্ষার্থীরানিরাপদ সড়কের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ৯ দফার বাস্তবায়ন এবং গত কয়েক দিনে শিক্ষার্থীরা যে সব অব্যবস্থাপনা তুলে এনেছে, সেগুলোর বিষয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে পাঁচটি বাম সংগঠনের নেতারা। শুক্রবার (৩ আগস্ট) রাতে এক যৌথ বিবৃতিতে শিক্ষার্থীদের আন্দোলনের সমর্থন দিয়ে তারা এসব দাবি জানান ।

বাসদ (মাহবুব) এর ভারপ্রাপ্ত আহ্বায়ক সন্তোষ গুপ্ত, বাংলাদেশের সমাজতান্ত্রিক পার্টির সাধারণ সম্পাদক সরোয়ার মোর্শেদ, গণমুক্তি ইউনিয়নের সমন্বয়ক নাসির উদ্দিন আহমেদ নাসু, কমিউনিস্ট ইউনিয়ের আহ্বায়ক ইমাম গাজ্জালী ও বিপ্লবী গার্মেন্টস-টেক্সটাইল শ্রমিক ফোরাম এর আহ্বায়ক শহিদুল ইসলাম সবুজ যৌথ বিবৃতিতে এই দাবি জানান।

বিবৃতিতে নেতারা বলেন, ‘শিক্ষার্থীদের ৯ দফার বাস্তবায়ন এবং আন্দোলনরত শিক্ষার্থীরা যে সব অব্যবস্থাপনা তুলে এনেছে, সেই সব বিষয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। দেশবাসী অবাক বিস্ময়ে লক্ষ্য করছে মন্ত্রী, এমপি, সচিব, পুলিশ ও মিডিয়াকর্মী থেকে শুরু করে সবাই অনিয়ম করছে।’

নেতারা আরও বলেন, ‘সাম্প্রতিক কয়েকটি সড়ক দুর্ঘটনা জাতিকে গভীরভাবে নাড়া দিয়েছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, সড়ক দুর্ঘটনা একটি মানবসৃষ্ট দুর্যোগে পরিণত হয়েছে। এ ছাড়াও প্রতিদিনই সড়ক দুর্ঘটনায় কোনও না কোনও হতাহতের ঘটনা ঘটছে। দুর্ঘটনার জন্য পরিবহন খাতের দীর্ঘদিনের অরাজকতা, চাঁদাবাজি, ট্রাফিক অব্যবস্থাপনাই দায়ি।’ তারা বলেন, ‘গত ৪৭ বছরের বুর্জোয়া শাসনে দেশের অন্যান্য সেক্টরের মতো পরিবহন সেক্টরেও অব্যবস্থাপনা সৃষ্টি হয়েছে।’

বিবৃতিতে নেতারা আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।