রাজপথে শিক্ষার্থীদের ওপর হামলার দায় আ. লীগকে নিতে হবে: গণসংহতি

 

 



4f91040d1361d1a6419dd5a01488a904-59beb6e6985c9

সড়কে নিরাপত্তার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা করেছে বলে অভিযোগ করেছে গণসংহতি আন্দোলন। শনিবার বিকালে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে দলটির নেতারা এ অভিযোগ করেন।






গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেন, “‘নিরাপদ সড়ক চাই’-- এই দাবিতে ছাত্রদের দেশব্যাপী বিপুল অভ্যুত্থান চলছে। ন্যায্য দাবিতে চলা এই কর্মসূচিগুলো শান্তিপূর্ণ এবং তা তারা করছে অত্যন্ত শৃঙ্খলার সাথে জনগণের কোনও ক্ষতিসাধন না করেই। গত কয়েকদিনের এ আন্দোলনে দেশের সর্বস্তরের মানুষ সমর্থন দিয়েছে। কিন্তু প্রধানমন্ত্রী যেদিন ছাত্রলীগকে দায়িত্ব দিলেন ছাত্রদের ‘বুঝিয়ে’ দিতে, তারপর থেকেই রাজধানীসহ গোটা দেশে পুলিশের ছত্রচ্ছায়ায় যুবলীগ-ছাত্রলীগের নেতৃত্বে ছাত্রদের ওপর নৃশংস হামলা চলছে।’
তিনি অভিযোগ করে বলেন, ‘আজকেও তাদের ওপর পৈশাচিক হামলা পরিচালনা করা হয়েছে। এই হামলার দায়িত্ব সরকার কিছুতেই এড়াতে পারে না। ইতিহাসের কাছে, বাংলার মানুষের কাছে আওয়ামী লীগ সরকার শিশুদের ওপর হামলাকারী হিসেবে পরিচিত হবে।’
জোনায়েদ সাকির সভাপতিত্বে সংহতি সমাবেশে উপস্থিত ছিলেন রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ, তাসলিমা আখ্তার, সম্পাদকমণ্ডলীর সদস্য বাচ্চু ভূইয়া, শ্যামলী শীল, মনিরউদ্দীন পাপ্পু, জুলহাসনাইন বাবু এবং কেন্দ্রীয় কমিটির সদস্য জান্নাতুল মরিয়ম, দীপক রায় প্রমুখ।