কেবিনেটে পাস হওয়া আইন কেউ মেনে নেয়নি: নোমান

বক্তব্য রাখছেন আব্দুল্লাহ আল নোমানশিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে কেবিনেটে সরকার যে সড়ক আইন পাস করেছে তা যথার্থ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান। তিনি বলেন, ‘আন্দোলনকারী শিক্ষার্থী, পরিবহন শ্রমিক ও মালিকপক্ষের কেউই সরকারের এই আইনকে গ্রহণ করেনি। সরকার কোমলমতি ছাত্রছাত্রী এবং জনগণকে ফাঁকি দিয়ে আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করেছে মাত্র।’

বুধবার (৮ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বাংলাদেশ ইয়ুথ ফোরাম আয়োজিত ‘দেশনেত্রী খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিএনপি নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে প্রতিবাদী সমাবেশ' শীর্ষক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
আব্দুল্লাহ আল নোমান বলেন, ‘শাসকগোষ্ঠী যখন দুর্বল হয়ে পড়ে, তখন তাদের ইন্সস্ট্রুমেন্ট কাজ করে না। তখন তারা স্বৈরাচারী হয়ে যায়। বর্তমান সরকার রাষ্ট্রীয় বাহিনী দিয়ে জনগণকে দমন করার অপচেষ্টা চালাচ্ছে। এই অপচেষ্টা আমাদের রুখে দিতে হবে। তাই দেশের সব মানুষকে ঐক্যবদ্ধ করতে হবে।’

বিএনপির এই নেতা বলেন , ‘আগামী নির্বাচন হবে খালেদা জিয়ার মুক্তির মধ্য দিয়ে। বর্তমান সরকারের পদত্যাগ ও নির্বাচন কমিশনের পরিবর্তন ছাড়া এই দেশে কোনও নির্বাচন সম্ভব নয়।’

নিরপেক্ষ নির্বাচন কমিশনের মাধ্যমে জাতীয় নির্বাচন হতে হবে বলেও জোর দাবি জানান তিনি।

এ সময় তিনি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি এবং তারেক রহমান, মির্জা ফখরুল ইসলাম, রুহুল কবীর আহমেদ রিজভী ও আমির খসরু মাহমুদ চৌধুরীসহ সব নেতাকর্মীর নামে দায়ের করা ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবি জানান।

বাংলাদেশ ইয়ুথ ফোরামের উপদেষ্টা কৃষিবিদ মেহেদী হাসান পলাশের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন স্বাধীনতা ফোরামের সভাপতি আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, বিএনপি নেতা মুহাম্মদ সাইদুর রহমান প্রমুখ।