দেশে জনগণের মত প্রকাশের স্বাধীনতা নেই: মুক্তি কাউন্সিল

 





বক্তব্য রাখছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরদেশে আজ জনগণের সভা-সমাবেশ ও মত প্রকাশের স্বাধীনতা কার্যত কেড়ে নেওয়া হয়েছে। সংবিধানে সভা-সমাবেশ করার স্বীকৃতি থাকলেও পুলিশের পূর্ব অনুম‌তি ছাড়া কোথাও সমাবেশ করা যায় না, এমনকি ঘরে বসে কোনও বৈঠক করলে পুলিশি হয়রানির শিকার হতে হয়। বৃহস্প‌তিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে সংবাদ সম্মেলনে জাতীয় মুক্তি কাউন্সিলের নেতারা এসব কথা বলেন।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, বর্তমান ক্ষমতাসীনরা জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে দেশে একদলীয় শাসন কায়েম করেছে। সভা সমাবেশে পুলিশি বাধা, এনকাউন্টার, ক্রসফায়ার, বন্দুকযুদ্ধের নামে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও গুম সমাজে আতঙ্ক সৃষ্টি করেছে। মিথ্যা মামলা দিয়ে দেশের বিরোধীদলীয় নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে।

তারা আরও বলেন, সড়কে দুর্ঘটনার নামে হত্যার প্রতিবাদে শিক্ষার্থীরা ‘উই ওয়ান্ট জাস্টিস’ বলে রাস্তায় নেমে আসে। ছাত্রছাত্রীদের প্রবল আন্দোলন ও জনগণের দাবি সত্ত্বেও সরকার নৌমন্ত্রীকে বহিষ্কার করেনি। সড়কে হত্যার প্রতিবাদে ছাত্রছাত্রীদের আন্দোলন এবং সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের আন্দোলনকে সরকার যেভাবে দমন করেছে, তা জনমনে ব্যাপক ক্ষোভ সৃষ্টি করেছে।
জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমরের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম, সচিব চাকমা প্রমুখ।