‘ইনশাআল্লাহ ৩০ সেপ্টেম্বর জনসভা হবেই’

আলোচনা সভায় মওদুদআগামী ৩০ সেপ্টেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির জনসভা হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। তিনি বলেন, ‘আগামীকাল শনিবার তারা (পুলিশ) এমনিতেই বলে দিয়েছে সমাবেশ না করতে। পরে আমরাই পুলিশের কাছে ৩০ তারিখে জনসভা করার জন্য দাবি জানিয়েছি। ইনশাআল্লাহ ৩০ তারিখে জনসভা হবেই।’

শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে নাগরিক অধিকার আন্দোলন ফোরাম আয়াজিত ‘বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য আ স ম হান্নান শাহর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী স্মরণ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলে।

মওদুদ বলেন, ‘খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন, নির্বাচন কমিশন পুনর্গঠন, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনে সেনা মোতায়েন ইত্যাদি দাবি নিয়ে এই জনসভার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করেছি। জনসভা হবেই।’

তিনি বলেন, ‘কোটা আন্দোলনে প্রথম দিকে সরকার সমর্থন জানালেও পরে তাদের সঙ্গে প্রতারণা করেছে। ঠিক একই আচরণ করেছে নিরাপদ সড়কের দাবিতে কোমলমতি শিক্ষার্থীদের সঙ্গেও। এমন প্রতারণার জন্য নতুন প্রজন্ম আর আওয়ামী লীগ সরকারকে ভোট দেবে না।’

ডিজিটাল নিরাপত্তা আইন প্রসঙ্গে তিনি বলেন, ‘দুরভিসন্ধিমূলকভাবে গণমাধ্যমকে নিয়ন্ত্রণ রাখতেই সরকার এই আইনটি নির্বাচনের আগে করেছে।’

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদীন ফারুক বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগকে পরাজিত করতে হলে বিএনপির নীতিনির্ধারকদের কৌশলী হতে হবে। সারাদেশের মানুষ অপেক্ষায় আছেন কখন কোন সময় আন্দোলনের ঘোষণা আসবে।’

আয়োজক সংগঠনের সহ-সভাপতি মুজিবুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য নাজিম উদ্দিন আলম, সংগঠনের সাধারণ সম্পাদক এম জাহাঙ্গীর আলম প্রমুখ।