সমাবেশে বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতি জনসমর্থন হারানোর প্রমাণ বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বিএনপির সমাবেশ থেকে উত্থাপিত দাবির প্রতিক্রিয়ায় বলেন, সংবিধান পরিবর্তন-সংযোজনের কোনও সুযোগ নেই।
রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদকমণ্ডলীর সভা শেষে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, ‘এলোমেলো দল বিএনপি হাঁকডাক দিয়ে মহাসমাবেশ করেছে। কিন্তু শেষ পর্যন্ত আষাঢ়ের তর্জনগর্জনই সার। কক্সবাজার যাওয়ার সময় রাস্তায় রাস্তায় যে আটটি সমাবেশ আমরা করেছি এর একটিরও ধারেকাছে তাদের কেন্দ্রীয় মহাসমাবেশ নেই।’
তিনি বলেন, ‘তাদের এই সমাবেশের উপস্থিতি হতাশাজনক। এই উপস্থিতি দেখে মনে হয়েছে জনগণ বিএনপির সঙ্গে নেই। এই দলটি ক্রমেই সংকুচিত হচ্ছে। এই দলটি ক্রমেই জনসমর্থন হারিয়ে ফেলেছে তাদের নেতিবাচক রাজনীতির কারণে।’
সমাবেশে বিএনপি নেতাকর্মীদের মারামারির কথা তুলে ধরে কাদের বলেন, ‘এই যে জাতীয় ঐক্য, হাতাহাতি-মারামারি, ধাওয়া পাল্টা ধাওয়া জাতীয় ঐক্যের সূচনা। এখানেই স্পষ্ট কেমন তাদের ঐক্য!’
মঞ্চে বিএনপি নেত্রীর জন্য চেয়ার খালি রাখার সমালোচনা করে কাদের বলেন, ‘বেগম জিয়াকে সম্মান করে খালি চেয়ারে বসিয়ে স্টেজে সেলফি তুলছে। কী দেখলেন? স্টেজে সেলফি তুলছে! স্টেজে সেলফি হলো বিএনপি!’
মির্জা ফখরুল ইসলামের দাবির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওবায়দুর কাদের বলেন, ‘পরিস্কার বলে দিতে চাই, বাংলাদেশের পবিত্র সংবিধানের কোনও পরিবর্তন-সংযোজনের সুযোগ নেই।’
বিএনপির আন্দোলনের ঘোষণার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, ‘তাদের সক্ষমতার সীমারেখা আজকেই তো দেখলাম। নিজেরা নিজেরা মারামারি, যতবার মফস্বলে গেছে ততবারই মারামারি। সমাবেশ কল করলেই নিজেরা নিজেরা মারামারি।’
আন্দোলনের নামে বিশৃঙ্খলা করলে সমুচিত জবাব দেওয়া হবে জানিয়ে কাদের বলেন, ‘গণতান্ত্রিক শান্তিপূর্ণ আন্দোলন হলে আমরা রাজনৈতিকভাবে মোকাবিলা করবো। আর যদি আন্দোলনের নামে ২০১৪ সালের মতো নাশকতা, বোমা হামলা এবং সেই ভয়াবহ দৃশ্যপটের অবতারণা করে উদ্ভূত পরিস্থিতিতে প্রশাসন যা যা করা দরকার সব করবে। সমুচিত জবাব দেওয়া হবে।’
তিনি বলেন, ‘আর আমরাও ঘরে বসে ডুগডুগি বাজাবো না, জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করবো, প্রতিহত করবো।’