তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান বি চৌধুরীর

ছাত্র-যুব সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে বদরুদ্দোজা চৌধুরীজাতীয় সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান অধ্যাপক বদরুদ্দোজা চৌধুরী। সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘সংসদ ভেঙে দেন। তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফিরিয়ে আনেন। তারপর নির্বাচন দেন। যে রায় হবে সেটাও মেনে নিন।’
প্রজন্ম বাংলাদেশের উদ্যোগে রবিবার বনানী চেয়ারম্যান বাড়ি মাঠে ছাত্র-যুব সমাবেশ ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিকল্পধারা বাংলাদেশর যুগ্ম মহাসচিব মাহী বি চৌধুরী এতে সভাপতিত্ব করেন। বদরুদ্দোজা চৌধুরী বলেন, ‘এ দেশ থেকে চিরতরে দুর্নীতি বিদায় করে দেওয়া হবে। আগামীর বাংলাদেশ হবে সুখী-সমৃদ্ধির বাংলাদেশ। বাংলাদেশে একটি পরিবর্তন আসবে। কেউ এই পরিবর্তন রুখতে পারবে না ।’ এ সময় বক্তব্য রাখেন বিকল্পধারার মহাসচিব মেজর (অব.) আবদুল মান্নান, সাবেক সংসদ সদস্য শহীদুল হক জামাল ও অধ্যক্ষ আবদুর রশিদ খান।
বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, ‘এ সরকার বলে থাকে তারা উন্নয়ন করেছে। কথায় কথায় উন্নয়নের ফিরিস্তি দেয়। বলা হচ্ছে, ফ্লাইওভার বানিয়ে উন্নয়ন করছে। অথচ দেশে গণতন্ত্র নেই। গণতন্ত্র দিচ্ছে না তারা। আমরা গণতন্ত্র চাই। উন্নয়নও চাই।’
তিনি বলেন, ‘আর ভোট ছিনিয়ে নেওয়ার পরিস্থিতি হবে না। কারণ তরুণ সমাজ জেগে উঠেছে। তাদের আর দাবিয়ে রাখা যাবে না।’
উপস্থিত তরুণদের উদ্দেশ করে তিনি বলেন, ‘এ কেমন গণতন্ত্র! উন্নয়নের কথা বলেন, গণতন্ত্রের কবর রচনা করছেন। নিজেরা যখন খুশী যেখানে-সেখানে সভা সমাবেশ করবেন। অথচ অন্যদের বাধা দেবেন।’ তিনি বলেন, একটি দেশে এ ধরনের অবস্থা অগণতান্ত্রিক ও অব্যবস্থাপনার নমুনা। এটা চলতে পারে না। এ দেশের মানুষ জনগণ। ভুলে গেলে চলবে না।’
বদরুদ্দোজা চৌধুরী আরও বলেন, এ সরকার জনগণের ঐক্যের বিরুদ্ধে দাঁড়িয়েছে। তিনি সরকারের উদ্দেশে বলেন, এভাবে জনগণের ঐক্যের বিরুদ্ধে কথা বলা শোভনীয় নয়।
নির্বাচনের সময় প্রশাসনকে নিরপেক্ষ থাকার পরামর্শ দিয়ে বি চৌধুরী বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা, আমরা, আপনারা সবাই এ দেশের সন্তান। তাই দয়া করে নির্বাচনের সময় নিরপেক্ষ থাকবেন। কোনও ধরনের ভয়ভীতির মধ্যে থাকবেন না।