রাজধানীর হাতিরঝিল থানায় বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে সরকারি কাজে বাধাদান ও নাশকতার অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ। হাতিরঝিল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন থানা।
রবিবার (৩০ সেপ্টেম্বর) ও সোমবার (০১ অক্টোবর) ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ মামলা দুটি করে। হাতিরঝিল থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) মিজানুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘১ অক্টোবর একটি মামলা হয়েছে, মামলা নম্বর ৩ এবং ৩০ সেপ্টেম্বর একটি মামলা হয়েছে, সেটির নম্বর ৫০। মামলা দুটি ডিবি পুলিশ দায়ের করেছে।’
মামলায় পুলিশের কাজে বাধাদান ও নাশকতার অভিযোগ আনা হয়েছে বলে জানান তিনি।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু মো. ফজলুল করিম জানান, রবিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় সমাবেশের পর সাত জনকে গ্রেফতার করা হয়েছে। যারা গ্রেফতার তাদের আসামি করে মামলা করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আসামি আছে ৩০-৪০ জন। মামলায় অন্য কারও নাম নেই।