কাদেরের উদ্দেশে নজরুল: তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় এই শ্রদ্ধা কোথায় ছিল

প্রেস ক্লাবের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ২০ দলের সমন্বয়ক নজরুল ইসলাম খান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে উদ্দেশ করে প্রশ্ন করেছেন ‘তত্ত্বাবধায়ক সরকার বাতিলের সময় সংবিধানের প্রতি এই শ্রদ্ধা কোথায় ছিল?’

মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের কনফারেন্স লাউঞ্জে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) আয়োজিত এক আলোচনা সভায় এই প্রশ্ন ছোড়েন তিনি।

নজরুল ইসলাম খান বলেন, ‘‘ওবায়দুল কাদের বলেছেন, 'পবিত্র সংবিধান সংশোধনের সুযোগ নেই'। সংবিধানের প্রতি এত শ্রদ্ধাশীল যখন তাহলে তত্ত্বাবধায়ক সরকার বিধান বাতিলের সময় এই শ্রদ্ধা কোথায় ছিল?’’

সেনাবাহিনী মোতায়েন করলে আওয়ামী লীগ ভোট ডাকাতি করতে পারবে না এমন দাবি করে নজরুল ইসলাম খান বলেন, যখনই বলা হচ্ছে মন্ত্রী থাকা অবস্থায় কেউ নির্বাচনে অংশ নিতে পারবেন না, নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করতে হবে, তখনই তারা বলছেন এটা অবাস্তব, অযৌক্তিক দাবি। তাদের আমি বলবো, ’৯৬ সালের নির্বাচনে আপনারা এই দাবি করেছিলেন কোন যুক্তি ও কথার ভিত্তিতে। এখন জনগণ বুঝতে পেরেছে আপনাদের অবস্থা। কারণ, আমাদের সেনাবাহিনী ট্রাফিক কন্ট্রোলে কাজ করতে পারে, দুর্যোগের সময় সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারে কিন্তু নির্বাচনের সময় নামতে পারবে না। এটা কিসের জন্য সেটা তো জনগণ বোঝে। কারণ, আপনারা তো ভোট ডাকাতি করতে পারবেন না সে জন্যই এত অযৌক্তিক কথাই বলছেন।
সমঝোতার জন্য আলোচনায় বসার আহ্বান জানিয়ে নজরুল ইসলাম খান বলেন, আমরা যারা রাজনীতি করি সবাই দেশকে ভালোবাসি। আমরা দেশের কল্যাণ চাই, আমরা শান্তি চাই, সমৃদ্ধি চাই। জনগণ আমাদের শ্রদ্ধা করুক, সম্মান করুক, যেন ভয় না পায় সেরকম একটা রাষ্ট্র গড়ে তোলার জন্য আলোচনায় বসি, কথা বলি। কথা বলে একটা সর্বসম্মত সমঝোতার মাধ্যমে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করি। সেই নির্বাচনে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দেয় তাহলে তারাই সরকার গঠন করবে, আর যদি জনগণ প্রত্যাখ্যান করে তাদের তা মেনে নিতে হবে। অপেক্ষা করতে হবে পরের নির্বাচনের জন্য।
জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি গিয়াস উদ্দিন খোকনের সভাপতিত্বে ও মনজুর রহমান ভূঁইয়ার সঞ্চালনায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বরকতউল্লাহ বুলু, ঢাকা সাংবাদিক ইউনিয়নের (একাংশ) সভাপতি ও বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক কাদের গনি চৌধুরী, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার টিএস আইয়ুব, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কেএম রকিবুল ইসলাম রিপন প্রমুখ।