যুক্তফ্রন্ট সূত্রে জানা গেছে, আগামী দু-একদিনের মধ্যে যুক্তফ্রন্ট ও বিএনপির প্যানেল আলোচকদের মধ্যে বৈঠক হতে পারে। বৈঠকে আগামী নির্বাচনকে কেন্দ্র করে জোটবদ্ধ আন্দোলন, কর্মসূচি নিয়ে আলোচনা হবে।
একটি নির্ভরযোগ্য সূত্রের ভাষ্য, আগামী নির্বাচন ছাড়াও নির্বাচন পরবর্তী কাজ নিয়েও আলোচনা হবে। এক্ষেত্রে বৈঠকে সংসদ নির্বাচনের প্রার্থিতার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে।
স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন অবশ্য কিছু জানেন না বলে জানান। তিনি বলেন, ‘আমি এখনও বৈঠকের বিষয়টি শুনিনি। এ বিষয়ে মহাসচিব জানবেন।’
পরে মির্জা ফখরুলের সঙ্গে কথা বলার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি। তার ঘনিষ্ঠ একজন জানান, তিনি একটি অনুষ্ঠানে আছেন।
এ বিষয়ে জানতে চাইলে যুক্তফ্রন্ট নেতা মাহমুদুর রহমান মান্না বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের লক্ষ্য হচ্ছে যে ঐক্য প্রচেষ্টা চলছে, সেটিকে আরও এগিয়ে নেওয়া। আলোচনার মধ্যে বিশেষভাবে প্রাধান্য পাবে ক্ষমতার ভারসাম্যের বিষয়টি।’
তবে বৈঠক ঠিক কবে হবে, এমন প্রশ্নের উত্তরে মান্না বলেন, ‘আমরা আশা করছি দ্রুতই হবে।’
গত কয়েক মাসে অনানুষ্ঠানিকভাবে ঐক্য প্রক্রিয়ায় যুক্ত নেতাদের সঙ্গে বিএনপি মহাসচিবসহ কয়েকজন নেতার আলোচনা হয়েছে।
গত মাসের শেষ দিকে যুক্তফ্রন্টের বৈঠকে বিএনপি মহাসচিবের পক্ষে দলের ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু অংশ নেন। ওই বৈঠকে বিএনপির অনুরোধের কারণে তাদের সমাবেশের পরই ঐক্যের কাঠামো নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। এরই ধারাবাহিকতায় খুব দ্রুতই যুক্তফ্রন্টের সঙ্গে আলোচনায় বসবে বিএনপি।