কয়েক দফায় হ্যাকিংয়ের শিকার মান্নার ইমেইল-ফেসবুক

মাহমুদুর রহমান মান্নাগত এক মাসে যুক্তফ্রন্টের অন্যতম নেতা নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্নার ইমেইল ও ফেসবুক অ্যাকাউন্ট কয়েক দফা হ্যাকিংয়ের শিকার হয়েছে। শুক্রবার (৫ অক্টোবর) বিকালে মান্না নিজেই বাংলা ট্রিবিউনের এ প্রতিবেদককে বিষয়টি জানান। তিনি বলেন, ‘ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।’ ফের অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান তিনি।

শুক্রবার বিকালে মাহমুদুর রহমান মান্না জানান, তার ফেসুবক অ্যাকাউন্ট ও ইমেইল কয়েক দফায় হ্যাকিংয়ের শিকার হয়েছে। এরই মধ্যে কয়েকবার তিনি এক্সপার্টদের দিয়ে উদ্ধারও করিয়েছেন। সর্বশেষ শুক্রবার ফের তার ইমেইল হ্যাক করা হয়।

এ বিষয়ে নাগরিক ঐক্যের অন্যতম নেতা ডা. জাহেদ উর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ এক মাস ধরে দুদিন পর পর তার (মান্নার) ফেসবুক অ্যাকাউন্ট হ্যাকিং হচ্ছে। এক মাস আগে পুরো অ্যাকাউন্ট বেহাত হয়ে গিয়েছিল। তবে পাল্টা ব্যবস্থা গ্রহণ করে অ্যাকাউন্ট ফিরিয়ে আনা হয়। সাত দিন আগে ফেসবুক আবারও হ্যাক হয়। যে ইমেইল দিয়ে অ্যাকাউন্ট ওপেন করা হয়েছিল, সেটি বাদ দিয়ে হ্যাকাররা আরেকটি ইমেইল দিয়ে ফেসবুক অ্যাকাউন্ট দখল করে নেয়।’

জাহেদ উর রহমান বলেন, ‘ইমেইল অ্যাকাউন্টও একইভাবে হ্যাকিংয়ের শিকার হচ্ছে। আমরা দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আবারও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে যাবো।’