সরকারের ফরমায়েশি রায় বাস্তবায়নে নানা কিছু হচ্ছে: রিজভী





রুহুল কবীর রিজভী (ফাইল ছবি)

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় নিয়ে প্রহসনের মঞ্চে পর্দা ওঠার পর কী দৃশ্যমান হবে তা নিয়ে চারিদিকে সংশয় দেখা দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সরকারের নির্দেশিত-ফরমায়েশি রায় বাস্তবায়নের জন্যই নানা কিছু করা হচ্ছে।


মঙ্গলবার (৯ অক্টোবর) বিকেলে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রুহুল কবির রিজভী বলেন, ‘যেমন প্রধান বিচারপতিকে বন্দুকের জোরে সরিয়ে দেওয়া হয়েছে। গতকাল আমরা দেখলাম, সর্বোচ্চ আদালতে ১৩ বছরের সাজাপ্রাপ্ত একজন মন্ত্রীকে হাইকোর্ট খালাস দিয়েছেন। এই খালাস কার নির্দেশে হয়েছে সেটির জন্য বেশি লেখাপড়ার প্রয়োজন পড়ে না। জনগণও তা বুঝে নিয়েছে।’
আগামীকাল বুধবার (১০ অক্টোবর) ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়ও সরকারের ইচ্ছার বাইরে হতে পারবে কিনা তা নিয়েও জনগণের মধ্যে সন্দেহ রয়েছে বলে অভিযোগ করেন রিজভী। তিনি বলেন, ‘নিম্ন আদালতের বিচারকদের ওপর প্রতিনিয়ত চাপের কারণে মানুষ এখন ন্যায্য বিচার থেকে বঞ্চিত হচ্ছে।’
বিএনপির এই নেতা আরও বলেন, ‘যাকে ৪১০ দিন রিমান্ডে নিয়ে মিথ্যা স্বীকারোক্তি আদায় করা হয়েছিল, যদিও সে পরবর্তীতে তার স্বীকারোক্তি প্রত্যাহার করে নিয়েছে, পুরো মামলায় কোনও সাক্ষী বলেনি যে, তারেক রহমান এই মামলায় জড়িত। এই মামলা নিষ্পত্তির আগে মুফতি হান্নানকে কেন ফাঁসি দেওয়া হয়েছিল— সেটি নিয়েও জনমনে এখনও সংশয় রয়েছে। সুতরাং এই মামলায় নির্দোষ তারেক রহমানকে জড়ানো প্রতিহিংসার নগ্ন বহিঃপ্রকাশ।’
২১ আগস্টের গ্রেনেড হামলা সম্পূর্ণ রহস্যঘেরা মন্তব্য করে বিএনপির বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, ‘প্রকৃত ঘটনা আড়াল করেছে বর্তমান ক্ষমতাসীনরা।’
বিএনপি বরাবরই জনগণের শক্তিকে অবলম্বন করে গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য শান্তিপূর্ণ কর্মসূচি পালন করেছে দাবি করে রিজভী বলেন, ‘আমি দলের সব পর্যায়ের নেতাকর্মীকে ঐক্যবদ্ধ থেকে আগামীর যেকোনও কর্মসূচি শান্তিপূর্ণভাবে পালনের আহ্বান জানাচ্ছি।’ সরকারের কোনও উসকানিতে বিভ্রান্ত না হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান সাবেক এই ছাত্রনেতা।