তিনি বলেন, ‘বুধবার (২৪ অক্টোবর) সিলেটে জনসভা শেষে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরসহ ৩০ জন নেতাকর্মীকে পুলিশ আটক করেছে। নগরীর উপশহরের রোজভিউ হোটেলের সামনে থেকে খন্দকার আব্দুল মুক্তাদিরকে ধরে নিয়ে যায় পুলিশ। এ সময় আরও কয়েকজনকে পুলিশ গ্রেফতার করে।’
রাতে নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।
জনসভায় বিপুল জনসমাগম দেখে সরকার উন্মাদগ্রস্ত হয়ে পড়েছে বলে দাবি করে রিজভী বলেন, ‘সভা-সমাবেশকে বানচাল করতে গিয়ে গণতন্ত্রের দেহে ‘ভোটার বিহীন’ সরকার যেভাবে ছুরি চালাচ্ছেন তাতে সরকার নিজেই নিজের বিপদ ডেকে আনছে। আগামী নির্বাচনে ভরাডুবির ভয়ে সরকার বিরোধী দলের ওপর আগাম আক্রমণ চালাচ্ছে।’
জাতীয় ঐক্যফ্রন্টের জনসভাকে কেন্দ্র করে গত কয়েকদিনে ধরপাকড়ের মাত্রা বৃদ্ধি পেয়েছে বলে দাবি করেছেন বিএনপির এই নেতা। তিনি বলেন, ‘আইনশৃঙ্খলা বাহিনী সেখানে ভদ্রতার কোনও নিয়মকানুন মানেনি। বরং বিএনপি নেতাকর্মীদের ওপর তাদের আচরণ ছিল বেআইনি। সরকারের আইনশৃঙ্খলা বাহিনী সারাশহর জুড়েই যেন গত ২/৩ দিন অঘোষিত সান্ধ্য আইন জারি করে রেখেছে।’