কোনও সংলাপ ব্যর্থ হয় না, সম্ভাবনার সৃষ্টি হয়: আ স ম রব

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন জেএসডি’র সভাপতি আ স ম আব্দুর রবড. কামাল হোসেনের নেতৃত্বে ১৬ সদস্যের প্রতিনিধি দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সংলাপ করতে যাবেন বলে জানিয়েছেন জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সভাপতি আ স ম আব্দুর রব। তিনি বলেন, ‘কোনও সংলাপ ব্যর্থ হয় না। একটি সম্ভাবনার সৃষ্টি হয়।’

মঙ্গলবার (৩০ অক্টোবর) মতিঝিলে ড. কামাল হোসেনের চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
আ স ম রব বলেন, ‘প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে ঐক্যফ্রন্টের সব দলের প্রতিনিধি থাকবেন। আজ প্রধানমন্ত্রী সংলাপের জন্য আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে আলোচনা হচ্ছে হবে এবং চলবে। ’

আ স ম রব আরও বলেন, ‘জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমাকে মুখপাত্র করা হয়েছে। ড. কামাল হোসেনের সঙ্গে আলাপ-আলোচনা করা ছাড়া কেউ ঐক্যফ্রন্টের কথা বলবে না।’
তিনি আরও বলেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে পারে, সব দল যেন অংশগ্রহণ করতে পারে, ভোটাররা যেন সুষ্ঠুভাবে ভোট দিতে পারেন, এসব বিষয়ে নিয়ে আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে খোলামেলা আলোচনা করবো। একইসঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সাত দফা দাবি নিয়েও আলোচনা করবো। ’
প্রধানমন্ত্রীর সংলাপের চিঠিতে বলা আছে, সংবিধান সম্মত যেকোনও বিষয় নিয়ে আলোচনা হতে পারে, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রব বলেন, ‘সংবিধান জনগণের জন্য নাকি জনগণের জন্য সংবিধান? দেশটা জনগণের জন্য নাকি জনগণের জন্য দেশ? সুতরাং জনগণ, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্রের স্বার্থে সব বিষয় নিয়ে প্রধানমন্ত্রীকে কথা বলতে হবে।’
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়ানোর বিষয়ে জেএসডি সভাপতি বলেন, ‘আমরা মনে করি তার (খালেদা জিয়া) এই মামলা রাজনৈতিক প্রতিহিংসামূলক। সাবেক প্রধানমন্ত্রী দুই, তিন কোটি টাকা আত্মসাৎ করতে পারেন এটা মানুষ বিশ্বাস করে না। আমরা এর নিন্দা ও প্রতিবাদ জানাই। এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য তিনি সবাইকে আহ্বান জানান।
বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় ঐক্য প্রক্রিয়ার আহ্বায়ক ড. কামাল হোসেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, গণফোরামের নির্বাহী সভাপতি অ্যাড. সুব্রত চৌধুরীসহ অনেকে।