এ বিষয়ে বঙ্গবীর কাদের সিদ্দিকী বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ড. কামাল হোসেন রাতে আমার বাসায় ডিনার করতে আসবেন।’
তবে এ সময় তাদের মধ্যে কী আলোচনা হবে সে বিষয়ে কোনও মন্তব্য করতে রাজি হননি তিনি ।
গণফোরামের সাধারণ সম্পাদক মোস্তফা মোহসিন মন্টু বাংলা ট্রিবিউনকে বলেন, ‘রাত ৮টা সাড়ে ৮টার দিকে ড. কামাল হোসেনসহ আমরা বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় যাবো। তিনি আমাদের রাতের খাবারের দাওয়াত দিয়েছেন।’
সর্বশেষ গত ২৫ অক্টোবর রাতে কামাল হোসেনের বেইলি রোডের বাসায় যান বঙ্গবীর কাদের সিদ্দিকী। এসময় তিনি কামাল হোসেনকে দাওয়াত দিয়ে আসেন। কামাল হোসেনের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে এসে কাদের সিদ্দিকী সাংবাদিকদের বলেছিলেন, ‘আমি বঙ্গবন্ধুর নেতৃত্বে যুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি। ড. কামাল হোসেন বঙ্গবন্ধুর নেতৃত্বে সংবিধান রচনা করেছেন। এখন ড. কামাল হোসেনের নেতৃত্বে জাতীয় ঐক্যফ্রন্ট হয়েছে। আমরা এখন একসঙ্গে কাজ করতে চাই।’ তিনি তখন আরও বলেছিলেন, ‘ড. কামাল হোসেনের সঙ্গে একসঙ্গে চলতে চাই। তবে ঐক্যফ্রন্টে যোগ দেওয়া না দেওয়া নিয়ে কোনও কথা হয়নি।’