এবার বামজোটকে সংলাপে যেতে আ. লীগ নেতার ফোন



রাজনৈতিক সংলাপএকাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার ( ১ নভেম্বর) শুরু হচ্ছে সংলাপ। এদিন ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে জাতীয় ঐক্যফ্রন্টের সংলাপ অনুষ্ঠিত হবে। চলমান এই  সংলাপে ক্ষমতাসীনরা বাম গণতান্ত্রিক জোটকেও টেবিলে চায়। বুধবার রাত আটটার দিকে সংলাপের জন্য চিঠি পাঠাতে বামজোটের সমন্বয়ক সাইফুল হককে ফোন করেন আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অসিম কুমার উকিল।

এ ব্যাপারে জানতে চাইলে সাইফুল হক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমাদের সঙ্গে আওয়ামী লীগের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। আমাকে ফোন করা হয়েছিল। আমি বলেছি, আমরা বৃহস্পতিবার বৈঠক করে সিদ্ধান্ত জানাবো।’

জানতে চাইলে অসিম কুমার উকিল কোনও মন্তব্য করতে অস্বীকৃতি জানান।

বামজোট-সূত্র জানায়, বুধবার রাত আটটার দিকে আওয়ামী লীগনেতা অসিম কুমার উকিল ফোন করে সংলাপের অংশ নিতে অনুরোধ জানান। এ বিষয়ে জোটের পক্ষ থেকে একটি চিঠি দেওয়ার আহ্বান জানান তিনি। পরে জোটের সমন্বয়ক সাইফুল হক তাকে বলেন, বৃহস্পতিবার (১ নভেম্বর) জোটের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

বামজোটের আরেকটি সূত্র জানায়, বৃহস্পতিবার  জোটের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা হবে। চিঠি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হতে পারে। হয়তো বৃহস্পতিবারই চিঠি তৈরি করে সংলাপের জন্য নামের তালিকা পাঠাতে পারে বামজোট।

এরআগে, মঙ্গলবার (৩০ অক্টোবর) বামজোটের সমন্বয়ক সাইফুল হক বলেছিলেন, ‘সংলাপের বিষয়ে বামজোট বরাবরই বলে এসেছে, সুষ্ঠু নির্বাচনের জন্য সরকারকেই উদ্যোগ নিতে হবে।’

বামজোটের অন্যতম নেতা, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, ‘সংলাপের প্রক্রিয়াকে আমরা স্বাগত জানাতে চাই। সংলাপ হোক জাতীয় পর্যায়ের, কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা গঠনের জন্য এটা আমাদের দীর্ঘদিনের দাবি। সংলাপ যেন অর্থবহ হয়, দেশবাসী যেন কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছুতে পারে, সেজন্য সবাই আন্তরিকভাবে সংলাপ করতে হবে।’

গত ১৮ জুলাই আট বাম দল মিলে ‘বাম গণতান্ত্রিক জোট’ গঠন করে। দল আটটি হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাসদ (মার্কসবাদী), গণসংহতি আন্দোলন, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, গণতান্ত্রিক বিপ্লবী পার্টি ও সমাজতান্ত্রিক আন্দোলন।