আওয়ামী লীগ ও যুক্তফ্রন্টের নেতাদের মধ্যে চলা সংলাপ অনুষ্ঠানের ‘সাফল্য’ কামনা করে গণভবনের সামনের আইল্যান্ডে অবস্থান নিয়েছেন জাতীয় যুব ঐক্যপ্রক্রিয়ার নেতাকর্মীরা। মোমবাতি হাতে গলায় ব্যানার ঝুলিয়ে তারা এ অবস্থান নেন।
বৃহস্পতিবার সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, মোহাম্মদ হানিফ নামে এক ব্যক্তির নেতৃত্বে এ কর্মসূচি পালিত হচ্ছে। এতে ১৫-২০ জন ব্যক্তি অংশ নিয়েছেন।
যুব ঐক্যপ্রক্রিয়ার আহ্বায়ক দাবি করে মোহাম্মদ হানিফ নামে একব্যক্তি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আজকের সংলাপের সাফল্য কামনা করে আমরা মোমবাতি প্রজ্বলন করেছি।’ তিনি আরও বলেন, ‘সংলাপ যদি সফল না হয়, তাহলে দেশ সংঘাতের পথে যাবে। সেজন্য সংলাপের সাফল্য কামনা করে মোমবাতি প্রজ্বলন করেছি।’
এই কর্মসূচির ব্যাপারে জাতীয় ঐক্যপ্রক্রিয়ার হাই-কমান্ড অবহিত কিনা, জানতে চাইলে হানিফ বলেন, ‘হাই-কমান্ডের কেউ এই কর্মসূচি সম্পর্কে জানে না। এটা যুব ঐক্যপ্রক্রিয়ার সিদ্ধান্তে হচ্ছে।’