ওবায়দুল কাদের বলেন, ‘আগামী দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার আবারও ক্ষমতায় ফিরে আসার বিষয়ে এসব দলের নেতারা সার্বিক সহযোগিতা নিয়ে পাশে থাকার অঙ্গীকার করেছেন। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য তারা প্রধানমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন।’
এর আগে প্রধানমন্ত্রীর নেতৃত্বে আওয়ামী লীগ ও ১৪ দলের সঙ্গে সংলাপে অংশ নেন ইসলামি ১২টি দল ও জোটের ৫২ জন প্রতিনিধি। তাদের সঙ্গে সংলাপ শেষে ওবায়দুল কাদের বলেন, ‘প্রায় দুই ঘণ্টা বৈঠক হয়েছে। প্রত্যেক দলের নেতারা নিজেদের কিছু কথা এবং কিছু দাবি উপস্থাপন করেছেন। সেগুলো বিবেচনা করা হবে।’
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘একটা বিষয়ে সবাই একমত হয়েছেন, সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের মূল্যবোধ, স্বাধীনতার আদর্শ এবং জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিষয়ে অভিন্ন অবস্থান।’ তিনি জানান, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১০ বছর ধরে যেভাবে দেশ পরিচালনা করেছেন, এতে প্রত্যেকেই তার ভূয়সী প্রশংসা করছেন। আগামী দিনেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবারও ক্ষমতায় ফিরে আসার বিষয়ে তারা সহযোগিতার আশ্বাস দিয়েছেন।’ বৈঠকে দ্বিমত বলতে কিছু ছিল না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, ‘আগামী ৯ নভেম্বর থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে ফরম বিতরণ ও জমা নেওয়ার কাজ শুরু হবে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া চলবে।’