সোমবার থেকে মনোনয়ন ফরম ছাড়বে বিএনপি

বিএনপিএকাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য আগামীকাল সোমবার (১২ নভেম্বর) থেকে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করবে বিএনপি। দলটির নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম তুলতে করতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা।

রবিবার (১১ নভেম্বর) বিকালে এক সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য সোমবার (১২ নভেম্বর) থেকে বিএনপির মনোনয়ন ফরম বিক্রি করা হবে।’ মঙ্গলবারও (১৩ নভেম্বর) মনোনয়ন ফরম তোলা যাবে। তবে ওইদিনই জমা দিতে হবে। 

তিনি জানান, সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম তুলতে পারবেন নির্বাচনে আগ্রহী প্রার্থীরা। মঙ্গলবারের (১৩ নভেম্বর) মধ্যে মনোনয়ন ফরম জমা দিতে হবে। ফরমের মূল্য ধরা হয়েছে পাঁচ হাজার টাকা। এছাড়া মনোনয়ন ফরম জমা দিতে লাগবে ২৫ হাজার টাকা। 

এদিকে জোটগতভাবে নির্বাচন করার সিদ্ধান্ত জানিয়ে কোন কোন নিবন্ধিত রাজনৈতিক দল ধানের শীষ প্রতীকে নির্বাচন করবে, এর একটি তালিকা নির্বাচন কমিশনে দিয়েছে বিএনপি। রবিবার বিকাল ৩টার দিকে চেয়ারপারসনের উপদেষ্টা বিজন কান্তি সরকার, মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান এ চিঠি নিয়ে ইসির উদ্দেশে রওনা হন।