খালেদা জিয়ার অনুপস্থিতিতে বিএনপির মনোনয়ন ফরমে মির্জা ফখরুলের স্বাক্ষর

বিএনপির মনোনয়ন ফরমদলের শীর্ষ দুই নেতার অনুপস্থিতিতে নির্বাচনি মনোনয়ন ফরমে স্বাক্ষর করছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রবিবার (১৮ নভেম্বর) সকাল থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে দলের মনোনয়ন বোর্ড। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার চলছে।

সাক্ষাৎকার শেষে বেরিয়ে আসা একাধিক ব্যক্তির মনোনয়ন ফরমে দেখা গেছে, এতে স্বাক্ষর রয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত হয়ে বর্তমানে কারাগারে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। অন্যদিকে, লন্ডনে অবস্থান করছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফলে এই দুই হাইকমান্ডের অনুপস্থিতিতে দলীয় মনোনয়ন ফরমে স্বাক্ষর করছেন দলটির মহাসচিব।

বিএনপির মনোনয়ন ফরমে লেখা আছে, আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বিএনপি। দলের নিবন্ধন নম্বর ৭। এতদ্বারা নির্বাচনি এলাকা ..., জেলা..., হতে জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রার্থীরূপে ... কে, ভোটার নম্বর..... কে দলের মনোনয়ন প্রদান করছি।

উল্লেখ্য, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে (আরপিও) বলা আছে, যেকোনও দলের মনোনয়ন ফরমে দলের সভাপতি, সাধারণ সম্পাদক ও দলীয় মনোনীত প্রার্থী স্বাক্ষর করবেন।

বিএনপি সূত্র জানায়, ২০০৯ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির দলীয় মনোনয়ন ফরমে স্বাক্ষর করেছিলেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এবার তিনি কারাগারে থাকায় মির্জা ফখরুল স্বাক্ষর করেছেন।

নীলফামারী-৪ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী বিলকিস ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দলের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে সব প্রার্থীকে মনোনয়ন ফরম নির্বাচন কমিশনে জমা দিতে বলা হয়েছে। দল যাকে মনোনয়ন দেবে, তিনি ছাড়া অন্য সব প্রার্থীকে নিজেদের মনোনয়ন ফরম প্রত্যাহার করে নিতেও বলা হয়েছে।’


আরপিও অনুযায়ী, কোনও দল চাইলে একাধিক ব্যক্তি দলীয় মনোনয়ন ফরম জমা দিতে পারবেন। তবে প্রার্থিতা প্রত্যাহারের আগে দল থেকে কাকে মনোনয়ন দেওয়া হয়েছে, তা জানাতে হবে। দলীয় মনোনীত ব্যক্তি ব্যতীত অন্যদের প্রার্থিতা অনায়াসে বাতিল হয়ে যাবে।