নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন: চরমোনাই পীর

মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম (ছবি: সাজ্জাদ হোসেন)নির্বাচনে পেশীশক্তি ও দুর্নীতিবাজদের অযোগ্য ঘোষণা করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম। তিনি বলেন, ‘দুর্নীতিবাজেরা কালো টাকা দিয়েভোট কেনেন। তাই এই নির্বাচনে দুর্নীতিবাজদের বয়কট করুন।’ শনিবার (২৩ নভেম্বর) এক বিবৃতিতে তিনি এ আহ্বান জানান।

সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, ‘সব দলের জন্য সমান সুযোগ তৈরি না করলে নির্বাচন একপেশে হিসেবে চিহ্নিত হবে। নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে না চাইলে সব দলের জন্য সমান সুযোগ তৈরি করতে হবে। ভোটাররা ভোট দিতে পারলে বড় দু’টি দলকেই বর্জন করবে।’

চরমোনাই পীর আরও বলেন, ‘আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচিত করতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাতপাখার পক্ষে ব্যালট বিপ্লব ঘটাতে হবে। ঘুরেফিরে কালো টাকার মালিক ও পেশীশক্তিগুলো নির্বাচিত হলে জাতির কোনও কল্যাণ হবে না। দুর্নীতি, দুঃশাসন ও মাদকমুক্ত কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠায় হাতপাখাকে বিজয়ী করতে হবে। সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ছেয়ে গেছে।’ দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সবাইকে ইসলামের সুমহান ছায়াতলে ফিরে আসতে হবে বলেও তিনি মন্তব্য করেন।