শনিবার (২৪ নভেম্বর) ইশতেহার উপ-কমিটির সভার শুরুতে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ইশতেহারের খসড়া চূড়ান্ত করেছি। এই খসড়াটি আওয়ামী লীগ সভাপতির কাছে দেওয়া হবে। তিনি অনুমোদন দিলে ইশতেহার প্রকাশের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে। ইশতেহার ঘোষণা করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা নিজে। আওয়ামী লীগের ২০১৬ সালের কাউন্সিলে যে ঘোষণাপত্র গৃহীত হয়, সেই ঘোষণাপত্রকে ভিত্তি ধরে নির্বাচনি ইশতেহার তৈরি করা হয়েছে।’
ড. আব্দুর রাজ্জাক বলেন, ‘আমরা ১০ বছর ক্ষমতায় আছি, অনেক উন্নয়ন করেছি। সামনের দিনে ক্ষমতায় এলে কি করবো, সে কৌশল তুলে ধরা হয়েছে। আমাদের সরকার দেশের আর্থ সামাজিক ও ভৌত অবকাঠামোর যে ভিত্তি রচনা করেছে, দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়ে গেছে; তার গতিধারাকে আমরা অব্যাহত রাখতে চাই। সেই লক্ষ্যকে সামনে রেখে আমাদের ইশতেহারে প্রবৃদ্ধি কীভাবে বাড়ানো হবে, দারিদ্রমুক্ত ও তরুণ সমাজের উন্নয়নে কী করা হবে, তরুণদেরকে কীভাবে কাজে লাগানো যায়, উন্নয়ন কাজে ও দেশ পরিচালনার সঙ্গে তাদেরকে কীভাবে সম্পৃক্ত করা যায়, তাদের জীবিকা ও আয় বাড়ানো যায়, জনগণ হিতৈষী পুলিশ বাহিনী ও প্রশাসন কীভাবে করা যায়— এই বিষয়গুলো আছে। সামাজিক সামষ্ঠিক অর্থনীতি, প্রবৃদ্ধি, জিডিপি কীভাবে বাড়ানো যায়, বিনিয়োগ কীভাবে বাড়ানো যায়, মুদ্রাস্ফীতি, ব্যাংক ব্যবস্থা কী হবে, ইন্স্যুরেন্স ব্যবস্থা কী হবে, ইন্স্যুরেন্স কীভাবে ভূমিকা রাখবে, কৃষিখাতে সম্পৃক্ততার বিষয়গুলো ইশতেহারে তুলে ধরা হয়েছে। নেত্রী (শেখ হাসিনা) এটি চূড়ান্ত করবেন।’
ইশতেহার আগামী ১১ ডিসেম্বরের দিকে প্রকাশ করা হবে কিনা সাংবাদিকরা জানতে চাইলে ড. রাজ্জাক বলেন, ‘সেটা হতে পারে। তবে প্রতীক বরাদ্দ হওয়ার পর পরই ইশতেহার দেওয়া হবে।’
প্রসঙ্গত, এটা ছিল এই উপ-কমিটির পঞ্চম এবং শেষ সভা। এর আগে কমিটি আরও চারটি সভা করে খসড়া চূড়ান্ত করেছে বলেও তিনি জানান।
এ সভায় আরও উপস্থিত ছিলেন কমিটির সদস্য প্রধানমন্ত্রীর অর্থবিষয়ক উপদেষ্টা ড. মশিউর রহমান, অনুপম সেন, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক সাত্তার মন্ডল, অধ্যাপক শফিকুজ্জামান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, আক্তার্জ্জুামান, শেখর দত্ত, মেরিনা জাহান, কমিটির সদস্য সচিব ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া প্রমুখ।
আরও পড়ুন: নির্বাচন থেকে সরে যাওয়ার অজুহাত খুঁজছে বিএনপি: ওবায়দুল কাদের