বিএনপিতে যোগ দিয়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। সোমবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলটিতে যোগ দেন তিনি।
এ সময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেখানে উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে সাবেক এ আওয়ামী লীগ নেতা বলেন, ‘আমি সজ্ঞানে ও সুস্থ শরীরে চিন্তাভাবনা করে আওয়াম লীগ থেকে বিএনপিতে যোগদান করলাম। আমার বোধ, বুদ্ধি, বিশ্বাস, শক্তি এবং সামর্থ্য দিয়ে এই দলের জন্য কাজ করবো।’
গোলাম মাওলা রনি বলেন, ‘বর্তমান বাংলাদেশে রাজনীতির যে অবস্থা এখানে ক্ষমতাসীন দল থেকে একজন সাবেক সংসদ সদস্য যেভাবে হোক আলোচিত ও সমালোচিত, তার জন্য বাঙালি জাতীতাবাদ ত্যাগ করে বাংলাদেশি জাতীয়তাবাদে আসা শুধু সাধারণ ঘটনা নয়। এর সঙ্গে শুধু নমিনেশন জড়িত নয়, আরও অনেক কিছু জড়িত।’
এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘আমার হৃদয় স্পন্দিত হয়েছে। জনগণের প্রিয় মানুষ, গণতন্ত্রের সংগ্রামের পেছনের জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আর্দশে বিশ্বাসী হয়ে তিনি আজ গণমানুষের সঙ্গে যোগ দিয়েছেন। আমি তাকে স্বাগত ও অভিনন্দন জানাচ্ছি। আমি দলের চেয়ারপারসন খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে তাকে স্বাগত জানাচ্ছি। তারেক রহমান অত্যন্ত খুশি হয়েছেন এবং তাকে শুভেচ্ছা জানিয়েছেন।’
গোলাম মাওলা রনিকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে কিনা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, ‘সময় হলে জানতে পারবেন। দল তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে। আমরা এক আসনে একাধিক প্রার্থী দিচ্ছি। কারণ কোনও কারণে একজনের প্রার্থিতা বাতিল হলে যেন সেটা খালি না থাকে।’
তবে পটুয়াখালী-৩ আসনে বিএনপি থেকে গোলাম মাওলা রনি মনোনয়ন পেয়েছেন বলে জানিয়েছেন রনি নিজেই।
অপর এক প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, ‘এক্যফ্রন্ট ও ২০ দলের মধ্য আসন নিয়ে বোঝাপড়া হচ্ছে। আসন বিন্যাস করা হচ্ছে। এই কারণে একটু সময় বেশি নেওয়া হচ্ছে।’