একাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীরা শত শত নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দিতে আসছেন বলে অভিযোগ উঠেছে। ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গত ৮ নভেম্বর তফসিল ঘোষণার পর থেকে মনোনয়নপত্র জমা শুরু হয়। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৭ নভেম্বর) সকাল থেকেও মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। বিভাগীয় কমিশনার সূত্রে জানা যায়, দুপুর পর্যন্ত ২৬ জন প্রার্থী মনোয়ন জমা দেন।
আজ ঢাকা-৯ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবের হোসেন চৌধুরী অর্ধশতাধিক নেতাকর্মী নিয়ে মনোনয়নপত্র জমা দেন। আওয়ামী লীগ প্রার্থীর সঙ্গে এ সময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের অর্ধশতাধিক নেতাকর্মী মনোনয়নপত্র জমা দিতে যান। তাদের কোনও বাধা দেওয়া হয়নি। তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় পাঁচজনের বেশি না নিয়ে আসার নির্দেশনা ছিল।
অন্যদিকে ঢাকা-৪ আসনের বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী হাজী আ. মালেক ও ঢাকা-৮ আসনের জেএসডি-রব এর প্রার্থী এম এ ইউসুফের মনোনয়ন জমা দেওয়ার সময় গুণে গুণে পাঁচজনকে প্রবেশ করতে দেওয়া হয়।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকরা এ বিষয়ে সাবের হোসেন চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে আমার সঙ্গে কে বা কারা এসেছেন তা আমি দেখিনি। তবে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের কয়েকজন নেতাকর্মী এসেছিলেন। নির্বাচনি কোনও নিয়ম যাতে ভঙ্গ না হয় সে বিষয়ে আমরা সচেষ্ট রয়েছি।’
এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। বিগত সময়ে আওয়ামী লীগ সরকার যে উন্নয়ন করেছে ভোটের মাধ্যমে জনগণ তার প্রতিদান দেবে।’
মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হচ্ছে আগামীকাল (২৮ নভেম্বর) বুধবার।